শ্রীপুর (গাজীপুর) প্রতিনিধি: গাজীপুরের শ্রীপুরে ১০ বছরের এক শিশু ধর্ষণ মামলায় অভিযুক্ত শামীম প্রধানকে দ্রুত গ্রেপ্তারের দাবিতে বিক্ষোভ সমাবেশ করেন বিক্ষুব্ধ এলাকাবাসী।
মঙ্গলবার (২৮ অক্টোবর )বিকালে উপজেলার থানার মোড় এলাকায় স্থানীয় জনতা ও বিভিন্ন সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ এই বিক্ষোভ সমাবেশে অংশ নেন।
সমাবেশে বক্তারা বলেন, ‘মাদ্রাসার শিশু শিক্ষার্থীর ওপর নির্মম নির্যাতন চালানো হয়েছে। অভিযুক্ত ব্যক্তি এখনো আইনের বাইরে ঘুরে বেড়াচ্ছে, যা অত্যন্ত দুঃখজনক। তারা অপরাধীকে দ্রুত গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করার জন্য প্রশাসনের কাছে জোর দাবি জানান।’
বক্তারা আরো বলেন, ‘ধর্ষণের পর মামলা দায়ের করা হলেও এখনো কোনো অগ্রগতি হয়নি। এতে শিশুর পরিবার নিরাপত্তাহীনতায় ভুগছে। এসময় নানা শ্রেণি-পেশার মানুষ অংশ নেন এবং শিশু নির্যাতনরোধে সামাজিক সচেতনতা বাড়ানোর আহ্বান জানান।’
এ বিষয়ে শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল বারিক বলেন, ‘ঘটনার পর থেকে অভিযুক্ত পলাতক রয়েছে। অভিযুক্তকে গ্রেপ্তারের চেষ্টা চলছে।’
জানা যায়, ‘দীর্ঘ দুই মাস ধরে শামীম প্রধান ওই শিশুর ওপর যৌন হয়রানি চালিয়ে আসছিলেন।’
গত ২২ অক্টোবর সকাল ৬টার দিকে শ্রীপুর পৌরসভার মাধখলা এলাকায় জনৈক ফজলুর রহমানের নির্মাণাধীন চারতলা ভবনের নিচতলায় শিশুটিকে ধর্ষণ করেন শামীম।
ঘটনার পর অসুস্থ হয়ে পড়লে শিশুটি মাদ্রাসার শিক্ষিকার কাছে বিষয়টি খুলে বলে। পরবর্তীতে ২৩ অক্টোবর রাতে শিশুটির বাবা শ্রীপুর থানায় লিখিত অভিযোগ দিলে পুলিশ মামলা করে।
রিপোর্টার্স২৪/প্রীতিলতা