স্টাফ রিপোর্টার: সঞ্চালন লাইনের আন্তঃসংযোগ ও আইসোলেশন কাজের কারণে বুধবার (২৯ অক্টোবর) রাত থেকে পরবর্তী ৪৮ ঘণ্টা দেশের বিভিন্ন স্থানে গ্যাস সরবরাহ বন্ধ থাকবে বলে জানিয়েছে তিতাস গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেড (তিতাস গ্যাস)।
মঙ্গলবার (২৮ অক্টোবর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে প্রতিষ্ঠানটি জানিয়েছে, হরিপুর ভাল্ভ স্টেশন মডিফিকেশন এবং জিটিসিএল ও তিতাস গ্যাসের সঞ্চালন লাইনের আন্তঃসংযোগ আইসোলেশন কাজ সম্পন্ন করার জন্য এই সময় গ্যাস সরবরাহ বন্ধ থাকবে।
তিতাস জানায়, বুধবার রাত ১০টা থেকে শুক্রবার (৩১ অক্টোবর) রাত ১০টা পর্যন্ত মোট ৪৮ ঘণ্টা গ্যাস সরবরাহ বন্ধ থাকবে ইজিসিবি ৪১২ মেগাওয়াট বিদ্যুৎকেন্দ্র, ইজিসিবি ৩৩৫ মেগাওয়াট বিদ্যুৎকেন্দ্র, ইজিসিবি ২×১২০ মেগাওয়াট বিদ্যুৎকেন্দ্র, সিটি ইকোনমিক জোন, রহিম এনার্জি লি., কাঁচপুর, যাত্রামুড়া, মদনপুর, বন্দর, রূপগঞ্জ, কাঞ্চন, মুড়াপাড়া, ভুলতা, আধুরিয়া, আড়াইহাজার, শ্যামপুর (বিসিক এলাকা) ও তৎসংলগ্ন এলাকা এবং শীতলক্ষা নদীর পশ্চিম তীরবর্তী পুরো নারায়ণগঞ্জ অঞ্চলে।
এ সময় এসব এলাকার সব শ্রেণির (গৃহস্থালি, বাণিজ্যিক ও শিল্প) গ্রাহকের গ্যাস সরবরাহ বন্ধ থাকবে। পাশাপাশি আশপাশের এলাকাগুলোতেও গ্যাসের স্বল্পচাপ বিরাজ করতে পারে।
তিতাস গ্যাস কর্তৃপক্ষ সাময়িক এই অসুবিধার জন্য আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করেছে এবং সকল গ্রাহককে সহনশীলতা প্রদর্শনের আহ্বান জানিয়েছে।
রিপোর্টার্স২৪/ধ্রুব