শ্যামনগর (সাতক্ষীরা) প্রতিনিধি : সাতক্ষীরা শ্যামনগরে খালের ইজারা বাতিল, দখল মুক্ত এবং খাল পুনঃখননের দাবি নিয়ে মানববন্ধন করেছে ৬ ইউনিয়নের ৩ শতাধিক মানুষ। মানববন্ধন শেষে উপজেলা নির্বাহী অফিসার বরাবর স্মারকলিপি প্রদান করে তারা।
বুধবার (২৯ অক্টোবর) সকাল ১০টায় উপজেলা প্রেসক্লাব চত্বরে রমজাননগর ইউনিয়নের আটকাঠা খাল, কৈখালী ইউনিয়নের বড় মৌ কাঠলা খাল, ঈশ্বরীপুর ইউনিয়নের চরারচক খাল, ভুরুলিয়া ইউনিয়নের নিমতলার খাল, আটুলিয়া ইউনিয়নের নগরকাঠি খাল এবং বুড়িগোয়ালীনি ইউনিয়নের শিমনখালীর খাল নিয়ে মানববন্ধন করেন স্থানীয় জনগোষ্টী।
স্থানীয় লোকজন অভিযোগ করে বলেন, আমাদের এলাকার গুরুত্বপূর্ণ কয়েকটি খাল দীর্ঘদিন ধরে অবৈধভাবে দখল করে জনস্বার্থের বিরুদ্ধে কাজ করা হচ্ছে। দখলদাররা স্থানীয় তহশিল অফিসের অসাধু কর্মকর্তাদের দ্বারা খালের শ্রেণি পরিবর্তন করে বিলের ফসলি জমির ভেতরের এবং বিল থেকে পানি নিষ্কাশনের বন্দোবস্ত দেওয়ার ফলে আমাদের এলাকায় প্রতি বছরই বৃষ্টির পানি জমে জলাবদ্ধতা সৃষ্টি হচ্ছে।
খাল ভরাট ও অবৈধভাবে দখল করে বাঁধ দেওয়ার কারণে জলাবদ্ধতার সৃষ্টি হয়ে এসব এলাকার কৃষকদের আমন ধানের বীজতলা, সবজি ক্ষেত, বসত বাড়ির পুকুরের মাছ, মাছের ঘের, বসত বাড়ি ইত্যাদি ক্ষতিগ্রস্ত হয়ে থাকে। এছাড়া অত্র এলাকার মাটির গভীরের পানি লবণাক্ত হওয়ার কারণে শুধুমাত্র বর্ষা মৌসুমে বৃষ্টির পানিতে বছরে একটি মাত্র ফসল আমন ধান চাষ করা হয়ে থাকে। এক মাত্র মিষ্টি পানির আধার খাল এই খালগুলো বন্দোবস্ত, ভরাট ও অবৈধভাবে দখল করে বাঁধ হওয়ার কারণে এবারের বর্ষা মৌসুমের অতিরিক্ত বৃষ্টিতে জলাবদ্ধতার সৃষ্টি হয়ে কৃষকরা ক্ষতি ও ভোগান্তিতে পড়েছে।
রমজাননগর ইউনিয়নের কৃষক আবুল হোসেন বলেন, পাতড়াখোলা গ্রাম ও চাঁদখালী গ্রামের পাশে ধলের বিলের খাল জলাবদ্ধতা সৃষ্টি হয়ে কৃষকদের প্রায় ৫০০০ বিঘা জমির আমন ধানের বীজতলা পানিতে ডুবে দুইবার সম্পূর্ণভাবে নষ্ট হয়ে প্রায় ৬৫ লক্ষ টাকার আর্থিক ক্ষতি হয়েছে।
অনুষ্ঠানে বক্তব্য রাখেন সিডিও ইয়ুথ টিমের সিনিয়র ভলেন্টিয়ার হাফিজুর রহমান এর সঞ্চালনায় বক্তব্য রাখেন শ্যামনগর উপজেলা প্রেসক্লাবের সভাপতি সামিউল আযম মনির,রিপোর্টার্স ইউনিটি শ্যামনগরের সভাপতি ও সিডিও'র নির্বাহী পরিচালক গাজী আল ইমরান, সিনিয়র সাংবাদিক আফজালুর রহমান,সিএনআরএস এর প্রকল্প সমন্বয়কারী নাজিম আহমেদ, স্বেচ্ছাসেবী ও উন্নয়ন কর্মী মমিনুর রহমান, সিনিয়র ভলেন্টিয়ার আনিসুর রহমান মিলন, ইউপি সদস্য আব্দুর রশিদ, সোহরাব হোসেন, সিডিও ইয়ুথ টিম কৈখালী ইউনিটের সভাপতি মনিরুল ইসলাম মনি, আটুলিয়া ইউনিটের সজিব হোসেন রনি, সরকারি মহসিন কলেজ ইউনিটের নুহা ইসলামসহ অনেকে।
এসময় স্থানীয় জনগোষ্ঠী,সিডিও ইয়ুথ টিমের সদস্যবৃন্দ,উপজেলা এডভোকেসি কমিটির সদস্যবৃন্দ এবং সুশীল সমাজের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
রিপোর্টার্স২৪/এসএন