খুলনা প্রতিনিধি : সুন্দরবনে অস্ত্র ও গোলাবারুদসহ দুর্ধর্ষ ডাকাত দল করিম-শরীফ বাহিনীর এক অস্ত্র সরবরাহকারীকে আটক করেছে কোস্ট গার্ড। বৃহস্পতিবার ৩০ অক্টোবর সকালে কোস্ট গার্ড মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সিয়াম-উল-হক এ তথ্য জানান।
তিনি বলেন, গোপন তথ্যের ভিত্তিতে আমরা জেনেছিলাম, সুন্দরবনের কুখ্যাত ডাকাত করিম-শরীফ বাহিনীকে অস্ত্র এবং গোলাবারুদ সরবরাহের উদ্দেশে ডাকাত দলের একজন সহযোগী হারবাড়িয়া সংলগ্ন নন্দবালা খাল এলাকা দিয়ে সুন্দরবনে গমন করবে। প্রাপ্ত তথ্যের ভিত্তিতে বৃহস্পতিবার (৩০ অক্টোবর) সকাল ৬ টায় কোস্ট গার্ড বেস মোংলা কর্তৃক ওই এলাকায় অভিযান চালায়।
অভিযান চলাকালীন কোস্ট গার্ডের উপস্থিতি টের পেয়ে ওই ব্যক্তি পালানোর চেষ্টা করে। পরবর্তীতে ধাওয়া করে ১ টি একনলা বন্দুক ও ৩ রাউন্ড তাজা কার্তুজসহ ওই ব্যক্তিকে আটক করা হয়।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়, আটককৃত ডাকাত সহযোগী আব্দুর রহিম (৩২) বাগেরহাট জেলার শরণখোলার বাসিন্দা। সে দীর্ঘদিন যাবৎ করিম-শরীফ বাহিনীকে অস্ত্র ও গোলাবারুদ সরবরাহ করতো।
আটক ব্যক্তির বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।
রিপোর্টার্স২৪/এসএন