ঝিনাইদহ প্রতিনিধি : চাকরি ছেড়ে দেওয়ায় আসাফুর রহমান হিমেল নামে এক কর্মচারিকে হত্যার হুমকি ও মামলা দিয়ে হয়রানির অভিযোগ উঠেছে ঝিনাইদহ সুইট হোটেলের মালিক আবিদুর রহমান লালু ও তার ছেলে সাজেদুর রহমান সৌরভের বিরুদ্ধে।
বৃহস্পতিবার দুপুরে ঝিনাইদহ প্রেসক্লাবে এক সংবাদ সম্মেলন করেন ভুক্তভোগী আসাফুর রহমান হিমেল। সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে আসাফুর রহমান হিমেল দাবি করেন, তিনি লাইভওয়ার নামে একটি প্রতিষ্ঠানের ম্যানেজার হিসেবে চাকরি করতেন। লাইভওয়ার হলো পুরাতন ফোন এক্সচেঞ্জ কোম্পানি। এই কোম্পানির সঙ্গে অংশীদারিত্ব চুক্তির মাধ্যমে আবিদুর রহমান লালু ও তার ছেলে সাজেদুর রহমান সৌরভ ঝিনাইদহে দুটি শাখা খোলেন।
আসাফুর রহমান হিমেল পায়রা চত্বর শাখার ম্যানেজার হিসেবে দায়িত্ব পালন করছিলেন। দায়িত্ব পালনকালে তিনি জানতে পারেন লাইভওয়ারের সাইনবোর্ড ও ব্র্যান্ডিং ব্যবহার করেন সাজেদুর রহমান সৌরভ ঢাকা থেকে নকল মোবাইল ফোন কিনে আর, ট্রেডার্সের মেমোতে বিক্রি করছেন। এ নিয়ে কাস্টমারদের সঙ্গে হিমেলের প্রায় বাদানুবাদ হতো।
এছাড়া সৌরভ অধিক লাভের আশায় ঢাকা থেকে রিফার্বিশড নকল ফোন কিনে এনে অরিজিনাল বলে বিক্রি করেন। এই নকল মোবাইল বিক্রির প্রতিবাদ করে তিনি মালিক পক্ষকে জানিয়ে দেন, তিনি আর চাকরি করবেন না। সে মোতাবেক ২০২৫ সালের ৭ মার্চ স্টক ও সমস্ত হিসাব নিকাশ বুঝিয়ে দিয়ে আসাফুর রহমান হিমেল চাকরি ছেড়ে দেন।
চাকরি ছাড়ার তিনমাস পরে আবিদুর রহমান লালু ও তার ছেলে সাজেদুর রহমান সৌরভ ২২ লাখ টাকার আত্মসাতের মামলা করেন হিমেলের বিরুদ্ধে এবং শহরব্যাপী পোস্টারিং করেন।
হিমেল আরো অভিযোগ করে বলেন, আবিদুর রহমান লালু ও তার ছেলে সাজেদুর রহমান সৌরভ বিভিন্ন সময় তাকে হত্যার হুমকি দিচ্ছেন, যা সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়। এখন তিনি পরিবার পরিজন নিয়ে ভীত সন্ত্রস্ত জীবন যাপন করছেন।
রিপোর্টার্স২৪/এসএন