চুয়াডাঙ্গা প্রতিনিধি : চুয়াডাঙ্গার দর্শনা সীমান্তে অভিযান চালিয়ে প্রায় ৬ কেজি ভারতীয় রূপা জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। বৃহস্পতিবার (৩০ অক্টোবর) বিকেলে রুদ্রনগর এলাকার মাথাভাঙ্গা নদীর পাশের সড়কে এ অভিযান পরিচালনা করে চুয়াডাঙ্গা-৬ বিজিবির একটি বিশেষ দল।
চুয়াডাঙ্গা ব্যাটালিয়নের সহকারী পরিচালক মো. হায়দার আলী রাতে পাঠানো প্রেস বিজ্ঞপ্তিতে তিনি জানান, ব্যাটালিয়ন অধিনায়ক লে. কর্নেল মো. নাজমুল হাসান গোপন সূত্রে জানতে পারেন, দর্শনা সীমান্ত দিয়ে রূপা চোরাচালানের প্রস্তুতি চলছে। এ তথ্যের ভিত্তিতে বিজিবির একটি দল রুদ্রনগর গ্রামসংলগ্ন এলাকায় অবস্থান নেয়।
অভিযান চলাকালে বিকেল সাড়ে পাঁচটার দিকে সীমান্তমুখী একটি মোটরসাইকেলে দুই ব্যক্তি বিজিবির চোখে পড়ে। বিজিবি সদস্যরা থামার সংকেত দিলে তারা মোটরসাইকেল ফেলে দ্রুত পালিয়ে যায়। পরে মোটরসাইকেলটি তল্লাশি করে তেলের ট্যাংকের ভেতরে পলিথিনে মোড়ানো অবস্থায় রূপা উদ্ধার করা হয়।
বিজিবি জানায়, উদ্ধারকৃত রূপার ওজন ৫ কেজি ৯১২ গ্রাম, আনুমানিক মূল্য প্রায় ২৩ লাখ টাকা। জব্দ মোটরসাইকেলটি দর্শনা থানায় এবং রূপা চুয়াডাঙ্গা ট্রেজারিতে জমা দেওয়ার প্রক্রিয়া চলছে। ঘটনার বিষয়ে বিজিবির হাবিলদার মো. মিজানুর রহমান বাদী হয়ে দর্শনা থানায় দুই অজ্ঞাত ব্যক্তির বিরুদ্ধে মামলা দায়ের করেছেন।
রিপোর্টার্স২৪/এসএন