নড়াইল প্রতিনিধি : নড়াইলে মাদক সেবনে বাধা দেওয়ায় মোছা শান্তা বেগম (২৭) নামে এক গৃহবধূকে পিটিয়ে জখম করার অভিযোগ উঠেছে নৌবাহিনীতে (সিভিল) চাকরিরত স্বামী মো. রিফায়েত শেখের বিরুদ্ধে। শুক্রবার (৩১ অক্টোবর) সকাল ১০ টার দিকে নড়াইল সদর উপজেলার রামচন্দ্রপুর গ্রামে এ ঘটনা ঘটে। অভিযুক্ত মো. রিফায়েত শেখ রামচন্দ্রপুর গ্রামের মো. আনছার শেখের ছেলে।
আহত মোছা শান্তা বেগম নড়াইল জেলা হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।
গৃহবধূ মোছা শান্তা বেগম অভিযোগ করে বলেন, আমার স্বামী মাদকাসক্ত, সে মাদক কেনা-বেচাও করে। এসব কাজে বাধা দেওয়ায় আমাকে আর আমার মেয়েকে ঘরে আটকিয়ে বেধড়ক পিটিয়েছে। এছাড়া তার পরিবারের লোকজনও মাদক কেনা-বেচায় ওনাকে সাপোর্ট দেয়। আমি ওনাদের সবার নামে মামলা করব।
এ বিষয়ে অভিযুক্ত মো. রিফায়েত শেখ মুঠোফোনে বলেন, আমি মাদকাসক্ত নই। আমার স্ত্রী আমার মাকে গালাগালি করছিল তাই স্বামী হিসেবে তাকে শাসন করছি মাত্র। নড়াইল সদর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সাজেদুল ইসলাম বলেন, এ বিষয়ে এখনো কোনো অভিযোগ পাইনি। অভিযোগ পেলে তদন্ত করে আইনগত ব্যবস্থাগ্রহণ করা হবে।
রিপোর্টার্স২৪/এসএন