নড়াইল প্রতিনিধি: নড়াইলের কালিয়া উপজেলায় জমি দখলকে কেন্দ্র করে ইরাদত শিকদার নামে একজনকে পিটিয়ে ও কুপিয়ে জখম করার অভিযোগ উঠেছে। আহত ইরাদত শিকদার কালিয়া উপজেলার চাচুড়ি ইউনিয়নের কদমতলা গ্রামের আদিল শিকদারের ছেলে। শনিবার (১ নভেম্বর) সকাল সাড়ে ৭টার দিকে কদমতলা গ্রামে এ ঘটনা ঘটে।
আহত ইরাদত শিকদার অভিযোগ করে বলেন, “আমরা লক্ষ্মী নারায়ণদের কাছ থেকে প্রায় ৫০–৬০ বছর আগে জমি কিনে সেই জমিতে বসতবাড়ি করে বসবাস করে আসছি। জমির দখলেও আমরা রয়েছি। আজ সকালে আমাদের জমিতে প্রতিবেশী তৌহিদ গং ঘর তুলতে আসে। এ সময় আমরা ঘর তোলায় বাধা দিলে আমিসহ আমার ছোট ভাই নাজির শিকদারকে তৌহিদ শেখ (৬০), মো. তরিকুল শেখ (৪৫), মো. মোজাহের শেখ (৫৫), মো. আজাহের শেখ (৫৭), মো. রুবেল শেখ (৩৫), মো. মাহাতাব শেখ (৬০), মো. খায়রুল শেখ (৩০) ও মো. আশরাফুল শেখ (২৫) কুপিয়ে ও পিটিয়ে জখম করে। আমি ওদের বিচার চাই।”
লক্ষ্মী নারায়ণ দে বলেন, “ইরাদত শিকদাররা আমাদের কাছ থেকে অনেক আগে ওই জমি কিনে নিয়েছে। তৎকালীন সময়ে তাদের দলিল করার মতো টাকা না থাকায় তখন ওরা জমি দলিল করে নিতে পারেনি। তৌহিদ গং কীভাবে ডিসিআর নিয়ে জমি দাবি করছে, বুঝতে পারছি না। জমি তাদের নয়।”
অভিযুক্ত মাহাতাব শেখ অভিযোগ অস্বীকার করে বলেন, “মারামারি ওই পাড়ায় হয়েছে, আমি সেখানে ছিলাম না। কী হয়েছে না হয়েছে আমি জানি না।”
তৌহিদ শেখ বলেন, “ডিসিআর মূলে এই জমির মালিক আমি। ওরা কিছুই না। সকালে ঘর তোলার সময় ওরা বাধা দিতে আসলে ধাক্কাধাক্কির মধ্যে ইরাদতের মাথায় টিনের ফালি লেগে কেটে যায়। তাকে কোপানো বা পেটানোর কিছুই হয়নি।”
কালিয়া থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল্লাহ আল মামুন বলেন, “এ বিষয়ে কোনো অভিযোগ পাইনি। অভিযোগ পেলে তদন্ত করে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।”
রিপোর্টার্স২৪/এসএন