নরসিংদী জেলা প্রতিনিধি: জমি-জমা নিয়ে দ্বন্দ্বে র জেরে দুই ভাইকে কুপিয়ে হত্যার ঘটনা ঘটেছে। নিহতরা হলেন- চরসুবুদ্ধি এলাকার মৃত আবু তাহেরের ছেলে ফোরা মিয়া (৪০) ও তার ছোট ভাই শাকিল মিয়া (২০)। একই ঘটনায় আহত হয়েছে আরো একজন।
নরসিংদীর রায়পুরা উপজেলার চরসুবুদ্ধি এলাকায় শনিবার দুপুরে প্রতিপক্ষের হামলায় ঘটনা ঘটে। পুলিশ এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য তিনজনকে আটক করেছে। নিহতের স্বজনরা জানান, প্রায় ২০ বছর আগে তাদের চাচা আব্দুল আউয়ালের কাছ থেকে ১৭শ টাকা ধার নেন নিহতদের বাবা । সেই সূত্রে চাচা আবু তাহেরের কাছ থেকে জমি দাবি করে আসছিল আউয়ালের ছেলে শিপন ও রিপন মিয়া । এ ঘটনায় বেশ কয়েকটা শালিষ বৈঠকে আবু তাহেরের পক্ষে রায় দেন বিচারকরা । রায় অনূর্যায়ী শনিবার জমি দখল করতে যান রিপন ও শিপনরা । এতে বাধা দিলে দেশীয় অস্ত্রে সজ্জিত হয়ে তাদের ওপর হামলা চালানো হয়। এ সময় স্ত্রী সহ ফোরা মিয়া ও শাকিল মিয়া আহত হন। দ্রুত তাদের নরসিংদী সদর হাসপাতালে নিয়ে গেলে দুই ভাইকে মৃত ঘোষণা করেন কর্তব্যরত চিকিৎসক।
ওই হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার ডা. ফরিদা গুলশানারা কবির জানান, হাসপাতালে আনা হলে দুইজনকে মৃত অবস্থায় পাওয়া যায়। অপর এক আহতকে চিকিৎসা দেয়া হচ্ছে।
জমিসংক্রান্ত বিরোধের জেরে দুই ভাইকে কুপিয়ে হত্যার ঘটনায় নরসিংদীর অতিরিক্ত পুলিশ সুপার সুজন চন্দ্র সরকার জানান,দ্রুত খবর পেয়ে আমরা ঘটনাস্থল পরিদর্শনে করেছি। জিজ্ঞাসাবাদের জন্য তিনজনকে আটক করা হয়েছে। বর্তমানে এলাকার পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।
রিপোর্টার্স ২৪/জয়