ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি : ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে পূর্ব বিরোধ ও আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে ৩ জন গুলিবিদ্ধ হয়েছেন, তাদের মধ্যে একজন চিকিৎসাধীন অবস্থায় ঢাকায় মারা গেছেন। শনিবার রাতে উপজেলার বড়িকান্দি ইউনিয়নের গনি শাহ মাজারের পাশে একটি হোটেলে এ ঘটনা ঘটে।
গুলিতে নিহত যুবক শিপন (৩০) স্থানীয়ভাবে ‘মনেক ডাকাত’-এর ছেলে হিসেবে পরিচিত।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, নুরজাহানপুর গ্রামের মনেক মিয়ার ছেলে শিপনের সঙ্গে থোল্লাকান্দি গ্রামের রিফাত বাহিনীর বিরোধ চলে আসছিল। আধিপত্য বিস্তার ও ডাকাতির ভাগাভাগি নিয়ে বিরোধের জের শনিবার রাতে শিপন বড়িকান্দি গনি শাহ মাজারের পাশে একটি হোটেলে যাওয়ার সময় রিফাত ও তার সহযোগীরা গুলি চালায়। এতে শিপনসহ তিনজন গুলিবিদ্ধ হয়।
গুলিবিদ্ধ অবস্থায় স্থানীয়রা তাদের উদ্ধার করে প্রথমে ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালে ও পরে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠায়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় রবিবার সকালে শিপনের মৃত্যু হয়।
আহত অন্য দুইজন-আলমনগর গ্রামের শফিকুল ইসলামের ছেলে ইয়াসিন ও চরলাপাং গ্রামের রশিদ মিয়ার ছেলে নুর আলম-এখনও ঢাকায় চিকিৎসাধীন আছেন। এ ঘটনায় এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়েছে।
নবীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ শাহিনুর ইসলাম বলেন, ধারণা করা হচ্ছে, ডাকাতির ভাগাভাগি ও এলাকা দখল নিয়ে শিপন ও রিফাত গ্রুপের মধ্যে বিরোধ থেকেই এই গুলিবর্ষণের ঘটনা ঘটেছে। নিহত শিপনের বিরুদ্ধে থানায় একাধিক মামলা রয়েছে। মরদেহ ঢাকা মেডিকেল হাসপাতালে ময়নাতদন্ত হবে।
রিপোর্টার্স২৪/এসএন