অভয়নগর (যশোর) প্রতিনিধি : জনস্বাস্থ্য, সড়ক ব্যবহারকারী ও পরিবেশের তোয়াক্কা না করেই জনবহুল সড়কের পাশে উন্মুক্ত ময়লার ভাগাড় বানিয়েছে যশোরের অভয়নগর উপজেলার নওয়াপাড়া পৌর কর্তৃপক্ষ।
ভাগাড়টি তৈরি করা হয়েছে দক্ষিণবঙ্গের সবচেয়ে ব্যস্ততম যশোর খুলনা মহাসড়কের পাশে পাট মন্ত্রণালয়ের শিল্প হাসপাতালের পরিত্যক্ত ভবন এলাকায়।
ময়লা ফেলার স্থানটি অভয়নগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আওতাধীন হওয়াতে তারা সেখানে বর্জ্য না ফেলার জন্য সাইনবোর্ড দিলেও সেটা মানছে না নওয়াপাড়া পৌর প্রশাসন।
পরিবেশ আইনে ডায়াগনস্টিক সেন্টার, ক্লিনিক ও হাসপাতালে বর্জ্য সম্পূর্ণ আলাদাভাবে ধ্বংস করে ফেলার নিয়ম থাকলেও নওয়াপাড়া পৌরসভা সেই নিয়ম না মেনেই পৌরসভার সব ডায়াগনস্টিক সেন্টার, ক্লিনিকের বর্জ্য তাদের উন্মুক্ত ভাগাড়ে ফেলছে। যা পরিবেশের জন্য মারাত্মক হুমকি।
রাজঘাট এলাকার বাসিন্দা মিজানুর রহমান বলেন, এখানে ময়লা ফেলার দুর্গন্ধে আমরা টিকতে পারি না। সামান্য বৃষ্টি হলেই ময়লা-আবর্জনাসহ বৃষ্টির পানি কৃষিজমি ও জলাশয়ে গিয়ে পড়ে। ময়লার রাসায়নিকের জন্য আমাদের কৃষি জমির অনেক ক্ষতি হচ্ছে।
অভয়নগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আলিমুন রাজীব বলেন, আমাদের নিষেধ অমান্য করে পৌর কর্তৃপক্ষ স্বাস্থ্য কমপ্লেক্সের জায়গায় বর্জ্য ফেলছে। আমরা এ বিষয়ে ইউএনও মহোদয়কে অবহিত করেছি।
এ বিষয়ে যশোর পরিবেশ অধিদপ্তরের উপ পরিচালক আতাউর রহমান বলেন, উন্মুক্ত স্থানে বর্জ্য ফেলার নিয়ম নেই। বর্জ্য ব্যবস্থাপনার সম্পূর্ণ দায়িত্ব পৌর কর্তৃপক্ষের।
উন্মুক্ত স্থানে ময়লা ফেলার নিয়ম নেই এ কথা স্বীকার করে নওয়াপাড়া পৌরসভার নির্বাহী কর্মকর্তা সাইফুল ইসলাম বলেন, আমরা নিজস্ব বর্জ্য ফেলার স্থান তৈরির জন্য জমি অধিগ্রহণের চেষ্টা করছি; দ্রুততম সময়ে সেটা সম্পন্ন করতে পারবো। আশা করছি তখন সব সমস্যার সমাধান হয়ে যাবে।
রিপোর্টার্স২৪/এসএন