ঝিনাইদহ প্রতিনিধি : ঝিনাইদহ জেলা পুলিশের সাইবার ক্রাইম ইনভেস্টিগেশন সেল সাইবার অপরাধ দমনে উল্লেখযোগ্য সাফল্য অর্জন করেছে। সম্প্রতি সেলের সদস্যরা দেশের বিভিন্ন জেলা থেকে হারিয়ে যাওয়া ১১২টি মোবাইল ফোন উদ্ধার করেছেন। পাশাপাশি মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিসের মাধ্যমে হাতিয়ে নেওয়া প্রায় লাখ টাকারও বেশি অর্থ উদ্ধার করে প্রকৃত মালিকদের ফেরত দেওয়া হয়েছে।
পুলিশ জানায়, সাইবার অপরাধ দমনে তারা আধুনিক প্রযুক্তির পাশাপাশি সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহার করে প্রতারকদের শনাক্ত করছে। ক্লোন ফেসবুক আইডি, অনলাইন জুয়া, সাইবার বুলিং, হ্যাকিং, টিকটক সংক্রান্ত প্রতারণা ইত্যাদি অপরাধে নজরদারি বাড়ানো হয়েছে। একই সঙ্গে স্কুল–কলেজ শিক্ষার্থী, গৃহিণী ও চাকরিজীবীসহ বিভিন্ন শ্রেণির মানুষের মধ্যে সাইবার নিরাপত্তা বিষয়ে সচেতনতা বৃদ্ধি কার্যক্রমও চলছে।
পুলিশ সুপার মঞ্জুর মোরশেদ বলেন, “ঝিনাইদহ সাইবার ক্রাইম ইনভেস্টিগেশন সেল প্রতিনিয়ত জনগণের পাশে থেকে কাজ করছে। কোনো অচেনা কল বা মেসেজে প্রাপ্ত OTP, পাসওয়ার্ড বা ব্যাংক তথ্য কেউ যেন শেয়ার না করেন।”
অতিরিক্ত পুলিশ সুপার মো. ইমরান জাকারিয়া জানান, ঝিনাইদহ জেলা পুলিশের এই উদ্যোগ সাইবার নিরাপত্তা জোরদার ও সাধারণ মানুষের আর্থিক সুরক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।
রিপোর্টার্স২৪/আরকে