| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

চরভদ্রাসনে নিখোঁজ দেড় বছরের খাদিজার সন্ধান মেলেনি

reporter
  • আপডেট টাইম: নভেম্বর ০২, ২০২৫ ইং | ১২:৪৬:০৯:অপরাহ্ন  |  ১৩২৭৫৮৮ বার পঠিত
চরভদ্রাসনে নিখোঁজ দেড় বছরের খাদিজার সন্ধান মেলেনি

চরভদ্রাসন (ফরিদপুর) প্রতিনিধি: ফরিদপুরের চরভদ্রাসন উপজেলার পদ্মা পাড়ের হাজীডাঙ্গী গ্রামের দেড় বছরের শিশু খাদিজা আক্তার নিখোঁজের এক দিন পরও কোনো সন্ধান মেলেনি। গত শনিবার (১ নভেম্বর) দুপুরে বাড়ির উঠানে খেলার সময় শিশুটি নিখোঁজ হয়।

নিখোঁজ খাদিজা স্থানীয় জেলে শাকিল শিকদার ও রুমা আক্তার দম্পতির একমাত্র কন্যা। ঘটনার সময় শিশুটির মা রান্নার কাজে ব্যস্ত ছিলেন এবং বাবা নদীতে মাছ ধরতে গিয়েছিলেন। বাড়িতে অন্য কেউ না থাকায় শিশু খাদিজা উঠানে একা খেলছিল। কিছুক্ষণ পর তার দাদা ছলেমান শিকদার বাড়ি ফিরে নাতনিকে না পেয়ে খোঁজাখুঁজি শুরু করেন।

স্থানীয়রা ধারণা করছেন, শিশুটি পদ্মার পানিতে পড়ে ডুবে গেছে। খবর পেয়ে চরভদ্রাসন ফায়ার সার্ভিস ও একটি ডুবুরি দল ট্রলারযোগে পদ্মা নদীর বিভিন্ন অংশে টানা ২০ ঘণ্টা তল্লাশি চালায়। তবে শিশুটির কোনো সন্ধান পাওয়া যায়নি।

রোববার (২ নভেম্বর) ঘটনাস্থল পরিদর্শন শেষে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মনিরা খাতুন বলেন, “ফায়ার সার্ভিস ও ডুবুরি দল প্রথম দফায় তল্লাশি চালিয়েও শিশুটিকে খুঁজে পায়নি। এখন আবার ট্রলারযোগে নদীর বিভিন্ন জলমহালে খোঁজ চলছে, লাশ ভেসে উঠেছে কি না সেটিও দেখা হচ্ছে।”

শিশুটির দাদা ছলেমান শিকদার বলেন, “রাতভর আমরা ট্রলার নিয়ে পদ্মা নদীর ভাটির দিকে, এমনকি পদ্মা সেতু পর্যন্ত খুঁজেছি, কিন্তু কোনো সন্ধান পাইনি।”

এদিকে, এলাকাবাসীর কেউ কেউ বলছেন, দীর্ঘ সময়েও লাশ ভেসে না ওঠায় শিশুটিকে কেউ চুরি করে নিয়ে গেছে কি না, সেই আশঙ্কাও উড়িয়ে দেওয়া যাচ্ছে না।

রিপোর্টার্স২৪/আরকে

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪