| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

শার্শায় বড়শিতে ধরা পড়ল ১৬ কেজির বিশাল পাঙ্গাস

reporter
  • আপডেট টাইম: নভেম্বর ০২, ২০২৫ ইং | ১৫:১১:১৬:অপরাহ্ন  |  ১৩১৮৫২৩ বার পঠিত
শার্শায় বড়শিতে ধরা পড়ল ১৬ কেজির বিশাল পাঙ্গাস

বেনাপোল প্রতিনিধি: যশোরের শার্শা সীমান্তের ইছামতি নদীতে বড়শির টানে ধরা পড়েছে ১৬ কেজি ওজনের এক বিশাল পাঙ্গাস মাছ। মাছটি ধরেছেন উপজেলার অগ্রভুলোট গ্রামের দুই যুবক বিল্লাল হোসেন (২৫) ও আব্দুর রহিম (২২)।

রোববার (২ নভেম্বর) সকালে প্রতিদিনের মতো বড়শি হাতে নদীতে যান তারা। কিছুক্ষণ পর বিল্লালের বড়শিতে হঠাৎ তীব্র টান অনুভূত হয়। শুরু হয় রোমাঞ্চকর এক লড়াই মানুষ আর মাছের মধ্যে। প্রায় ২০ মিনিটের টানাটানির পর তিনজনের সহযোগিতায় অবশেষে মাছটি তীরে তোলা সম্ভব হয়।

নদীর পাড়ে তখন যেন ছোটখাটো উৎসবের আমেজ। স্থানীয়রা ছুটে আসেন বিশাল মাছটি দেখতে। কেউ বলেন ২০ কেজি, কেউ বলেন ১৮ কেজি। শেষ পর্যন্ত অগ্রভুলোট গ্রামের শিপন হোসেনের দোকানে ওজন করে দেখা যায়, মাছটির ওজন ১৬ কেজি। পরে উপস্থিত ক্রেতারা প্রতি কেজি ৩০০ টাকা দরে মাছটি ভাগ করে নেন। এতে এক মাছেই দুই যুবকের আয় হয় ৪ হাজার ৮০০ টাকা।

উচ্ছ্বসিত বিল্লাল হোসেন বলেন, “প্রতিদিনই বড়শি নিয়ে ইছামতিতে যাই, কিন্তু এত বড় মাছ এই প্রথম পেলাম। এবছর নদীতে মাছ ভালোই ধরা পড়ছে।”

শার্শা উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা পলাশ বালা বলেন, “নদীতে বড়শি দিয়ে মাছ ধরা আইনসঙ্গত। এমন বড় পাঙ্গাস সাধারণত উজানের পানির সঙ্গে ভারতের দিক থেকে ভেসে আসে। স্থানীয় পুকুরে এত বড় মাছ সচরাচর চাষ হয় না।”

ইছামতিতে এমন বড় মাছ ধরা পড়ায় স্থানীয়দের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা দেখা দিয়েছে। অনেকে বলছেন, বহু বছর পর নদীতে এমন বড় মাছ দেখা গেল, যা প্রাণবন্ত ইছামতির পুরনো স্মৃতি ফিরিয়ে এনেছে।

রিপোর্টার্স২৪/আরকে

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪