রাঙ্গামাটি প্রতিনিধি: রাঙ্গামাটি জেলা পুলিশের উদ্যোগে বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে অনুষ্ঠিত হয়েছে “সম্প্রীতি মিনি ম্যারাথন ও সম্প্রীতি হ্যান্ডবল-২০২৫” প্রতিযোগিতা। শনিবার সকালে শহরের পৌরসভা প্রাঙ্গণ থেকে মিনি ম্যারাথনটি শুরু হয়ে মারি স্টেডিয়ামে গিয়ে শেষ হয়। এরপর সেখানেই অনুষ্ঠিত হয় সম্প্রীতি হ্যান্ডবল ম্যাচ।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন রাঙ্গামাটি পার্বত্য জেলার পুলিশ সুপার ড. এস এম ফরহাদ হোসেন। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) যুগ্ম কমিশনার (হেডকোয়ার্টার্স) ফরিদা ইয়াসমিন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ডিএমপির উপ-পুলিশ কমিশনার কাজী নুসরাত এদীব লুনা।
প্রধান অতিথির বক্তব্যে ফরিদা ইয়াসমিন বলেন, খেলাধুলা কেবল বিনোদনের মাধ্যম নয়, এটি পারস্পরিক সহমর্মিতা, সহযোগিতা ও সম্প্রীতির প্রতীক। এ ধরনের উদ্যোগ পুলিশের সঙ্গে জনগণের সম্পর্ক আরও দৃঢ় করে এবং সমাজে শান্তি ও ঐক্য প্রতিষ্ঠায় সহায়ক ভূমিকা রাখে। রাঙ্গামাটি জেলা পুলিশের এই আয়োজন সত্যিই প্রশংসনীয়।
সভাপতির বক্তব্যে পুলিশ সুপার ড. ফরহাদ হোসেন বলেন, সম্প্রীতি ও পারস্পরিক শ্রদ্ধাবোধ গড়ে তুলতে খেলাধুলার বিকল্প নেই। রাঙ্গামাটি জেলা পুলিশ শুধু আইন-শৃঙ্খলা রক্ষায় নয়, সামাজিক ঐক্য ও মানবিক মূল্যবোধ প্রতিষ্ঠায়ও কাজ করছে। খেলাধুলা মানুষকে কাছাকাছি আনে এবং ভ্রাতৃত্বের বন্ধনকে শক্তিশালী করে।
হ্যান্ডবল প্রতিযোগিতায় লেকার্স পাবলিক স্কুল অ্যান্ড কলেজ ৮-২ গোলে সমন্বিত স্কুল দলকে হারিয়ে বিজয়ী হয়। পরবর্তীতে অতিথিবৃন্দ মিনি ম্যারাথন ও হ্যান্ডবল প্রতিযোগিতায় বিজয়ীদের হাতে ট্রফি ও পুরস্কার তুলে দেন।
অনুষ্ঠানে রাঙ্গামাটি জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তা, বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা-কর্মচারী, জনপ্রতিনিধি, ক্রীড়াবিদ, সাংবাদিক ও সুশীল সমাজের প্রতিনিধি উপস্থিত ছিলেন।
রিপোর্টার্স২৪/ঝুম