নড়াইল প্রতিনিধি : নড়াইলে মাসুম ফকির (৩৫) হত্যা মামলায় প্রেমঘটিত বিরোধের জেরে প্রেমিকা আশা বেগম (৩০) ও আরাফত শেখ (৩২)–কে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। পাশাপাশি তাদের প্রত্যেককে ২০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
এ মামলায় অপর আসামি রোমান ভূঁইয়া (৩৩)–কে ৭ বছরের কারাদণ্ড, অনাদায়ে আরও ৬ মাসের বিনাশ্রম কারাদণ্ড দেয়া হয়। আর আরেক আসামি শাবানা খাতুন–কে বেকসুর খালাস দেওয়া হয়েছে।
সোমবার (৩ নভেম্বর) দুপুর সাড়ে ১২টার দিকে নড়াইল জেলা ও দায়রা জজ আদালতের বিচারক শারমিন নিগার এ রায় ঘোষণা করেন। রায় ঘোষণার সময় যাবজ্জীবন দণ্ডপ্রাপ্ত আশা ও আরাফত আদালতে উপস্থিত ছিলেন না। বিষয়টি নিশ্চিত করেছেন পাবলিক প্রসিকিউটর (পিপি) অ্যাডভোকেট এসএম আব্দুল হক।
মামলার নথি অনুযায়ী, ২০১৬ সালের ৮ ডিসেম্বর নিখোঁজ হন সদর উপজেলার নাকশী গ্রামের মাসুম ফকির। পাঁচ দিন পর লোহাগড়ার জালালশি গ্রামে নবগঙ্গা নদীর উত্তরের চর থেকে তার মরদেহ উদ্ধার করে পুলিশ।
পরবর্তীতে নিহতের ভাইয়ের দায়ের করা মামলার ভিত্তিতে দুই নারীসহ চারজনের বিরুদ্ধে চার্জশিট দাখিল করা হয়। ২২ জনের সাক্ষ্য গ্রহণ শেষে আদালত এই রায় দেন।
রিপোর্টার্স২৪/আরকে