বরিশাল প্রতিনিধি: বরিশালে অপসোস্যালাইন (ওএসএল) ফার্মা লিমিটেডের ৫৭০ জন শ্রমিককে ছাঁটাইয়ের প্রতিবাদে সড়ক অবরোধ করে বিক্ষোভ করছেন প্রতিষ্ঠানটির স্টেরিপ্যাক বিভাগের শ্রমিক-কর্মচারীরা।
সোমবার (৩ নভেম্বর) সকাল থেকে বগুড়া রোডে অবস্থান নিয়ে বিক্ষোভ শুরু করেন নারী ও পুরুষ শ্রমিকরা। এর আগে গত বুধবার (২৮ অক্টোবর) ডাকযোগে চাকরি থেকে অব্যাহতির নোটিশ পান তারা। এরপর থেকেই শ্রমিকরা টানা কর্মসূচি পালন করছেন।
বিক্ষোভকারীরা জানান, মালিকপক্ষকে ৭২ ঘণ্টার আল্টিমেটাম দেওয়া হয়েছিল। কিন্তু কোনো সাড়া না পাওয়ায় তারা সড়ক অবরোধে যান। শ্রমিকদের দাবি—চাকরি ফিরিয়ে না দিলে আরও কঠোর আন্দোলন করা হবে।
এ বিষয়ে ওএসএল ফার্মা কর্তৃপক্ষ জানিয়েছে, কোম্পানির নিয়ন্ত্রণের বাইরে থাকার কারণেই স্টেরিপ্যাক বিভাগের উৎপাদন বন্ধ করতে হয়েছে। ছাঁটাই হওয়া শ্রমিকদের পাওনা ২০ নভেম্বরের মধ্যে পরিশোধ করা হবে। পাশাপাশি বিভাগটি পুনরায় চালু হলে এ শ্রমিকদের অগ্রাধিকার দেওয়া হবে বলে নিশ্চয়তা দেয়া হয়।
রিপোর্টার্স২৪/আরকে