এ এইচ সবুজ, গাজীপুর: ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) গাজীপুরের ৬টি আসনের মধ্যে চারটিতে মনোনীত প্রার্থীদের নাম ঘোষণা করেছে।
সোমবার (৩ নভেম্বর) সন্ধ্যায় বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে অনুষ্ঠিত বৈঠক শেষে সংবাদ সম্মেলনে দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর প্রার্থীদের নাম ঘোষণা করেন।
গাজীপুর-২ সংসদীয় আসনে মনোনয়ন পেয়েছেন গাজীপুর সিটি কর্পোরেশনের সাবেক মেয়র ও সাবেক প্রতিমন্ত্রী অধ্যাপক এম এ মান্নান-এর উত্তরসূরী এম মঞ্জুরুল করিম রনি। গাজীপুর-৩ সংসদীয় আসনে মনোনয়ন পেয়েছেন বিএনপি'র কেন্দ্রীয় কমিটির স্বাস্থ্য বিষয়ক সম্পাদক অধ্যাপক ডা: রফিকুল ইসলাম বাচ্চু, গাজীপুর-৪ (কাপাসিয়া) সংসদীয় আসনে মনোনয়ন পেয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সাবেক সদস্য, সাবেক মন্ত্রী ব্রি: জে: (অব) আ.স.ম হান্নান শাহ্ 'র উত্তরসূরী শাহ্ রিয়াজুল হান্নান। গাজীপুর-৫ সংসদীয় আসনে মনোনয়ন পেয়েছেন গাজীপুর জেলা বিএনপির আহবায়ক ও সাবেক এমপি এ কে এম ফজলুল হক মিলন।
গাজীপুর ১ ও ৬ আসনে কোন প্রার্থীর নাম ঘোষণা করা হয়নি। সংবাদ সম্মেলনে মির্জা ফখরুল ইসলাম বলেন, যেসব আসনে প্রার্থী দেওয়া হয়নি সেখানে পরে ঘোষণা করা হবে। এর বাইরে কিছু সংসদীয় আসন শরিকদের ছেড়ে দেওয়া হবে।
এদিকে গাজীপুরের ৪টি আসনে ধানের শীষের প্রার্থীদের নাম ঘোষণা করায় মহানগরসহ এলাকার বিভিন্ন স্থানে নেতাকর্মীরা আনন্দ মিছিল করছে।
রিপোর্টার্স২৪/এসসি