| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

দাতা না হয়েও ধামুরা কলেজের দাতা সদস্য

reporter
  • আপডেট টাইম: নভেম্বর ০৪, ২০২৫ ইং | ০৯:২০:১১:পূর্বাহ্ন  |  ১৩২৩০১৭ বার পঠিত
দাতা না হয়েও ধামুরা কলেজের দাতা সদস্য

বরিশাল প্রতিনিধি: বরিশালের উজিরপুর উপজেলার ধামুরা ডিগ্রি কলেজের গভর্নিং বডির দাতা সদস্য পদ নিয়ে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। অভিযোগ উঠেছে, দাতা না হয়েও প্রভাব খাটিয়ে নিজেকে দাতা সদস্য হিসেবে অন্তর্ভুক্ত করেছেন স্থানীয় প্রভাবশালী পরিবারের সদস্য আসাদুল হক মামুন। এ নিয়ে কলেজের অভ্যন্তরে যেমন তীব্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে, তেমনি এলাকাবাসীর মধ্যেও চলছে ব্যাপক আলোচনা-সমালোচনা।

অভিযোগ সূত্রে জানা গেছে, মামুনের পিতা মরহুম বজলুল হক মিয়া ১৯৮৭ সালে (বাংলা ১৩৯৪ সনে) ধামুরা মৌজার এস.এ ৫৫৯ খতিয়ানভুক্ত ৩৯৩৭ ও ৩৯৫১ দাগের ২৬ শতক জমি মাত্র ১০ হাজার টাকায় কলেজের নামে সাফকাবালা দলিলের মাধ্যমে বিক্রি করেছিলেন।

তবে দীর্ঘ ৩৮ বছরেও বিক্রিত জমির রেজিস্ট্রেশন সম্পন্ন না হওয়ায় কাগজে-কলমে সেটি এখনো কলেজের নামে হস্তান্তর হয়নি। এ অবস্থায় সেই জমিকে দান হিসেবে দেখিয়ে আসাদুল হক মামুন নিজেকে কলেজের দাতা সদস্য হিসেবে মনোনীত করান। অভিযোগ রয়েছে, স্থানীয় প্রভাব খাটিয়ে কলেজ কর্তৃপক্ষকে এ সিদ্ধান্তে বাধ্য করা হয়।

বিষয়টি নিয়ে স্থানীয় কাজী আব্দুল জলিল, যিনি কলেজের আরেক দাতা সদস্য পরিবারের সন্তান—জাতীয় বিশ্ববিদ্যালয়সহ একাধিক দপ্তরে লিখিত অভিযোগ করেছেন মামুনের সদস্য পদ বাতিলের দাবিতে।

এছাড়া আবুল হোসেন নামের এক স্থানীয় শিক্ষানুরাগী কলেজ অধ্যক্ষের কাছে উকিল নোটিশ পাঠিয়েছেন। নাম প্রকাশে অনিচ্ছুক স্থানীয় কয়েকজন ব্যক্তির দাবি, এটি মূলত ধামুরা এলাকার দুটি প্রভাবশালী পরিবারের মধ্যে প্রভাব বিস্তার ও মর্যাদার লড়াই।

অভিযোগের বিষয়ে আসাদুল হক মামুন বলেন, > আমার বাবার দেওয়া দলিল আছে। আমাদের পরিবারের এক একরের বেশি জমি কলেজের দখলে রয়েছে। দলিলে কোনো ত্রুটি থাকলে আমরা সংশোধন করব। কলেজের স্বার্থে ভবিষ্যতেও জমি দিতে আমরা প্রস্তুত।

ধামুরা ডিগ্রি কলেজের অধ্যক্ষ মো. মোশাররফ হোসাইন বলেন, অভিযোগের বিষয়টি জেনেছি। আগামী ম্যানেজিং কমিটির সভায় বিষয়টি আলোচনার জন্য তোলা হবে।


রিপোর্টার্স২৪/ঝুম

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪