চট্টগ্রাম প্রতিনিধি : চট্টগ্রাম নগরীর পাঁচলাইশ থানা পুলিশের অভিযানে আতুরার ডিপো সংগীত আবাসিক এলাকায় হত্যাকাণ্ডের ঘটনায় মূল আসামি মোহাম্মদ জাহেদুল ইসলাম (৩১) গ্রেপ্তার করা হয়েছে।
পুলিশ জানায়, নিহত মো. হাসিবুল ইসলাম (২৬) নগরের ২ নম্বর গেট এলাকার একটি রেস্টুরেন্টে চাকরি করতেন। তিনি ব্যবসায়ী মো. ইমরান বিন ইসলামের ছোট ভাই।
প্রায় চার থেকে পাঁচ মাস আগে হাসিবুলের পরিচয় হয় প্রীতি তানহা (২৪) নামের এক নারীর সঙ্গে। ফেসবুকের মাধ্যমে শুরু হওয়া সম্পর্ক এক পর্যায়ে প্রেমে রূপ নেয়। বিষয়টি জানতে পারেন তানহার স্বামী জাহেদুল ইসলাম, পরে হাসিবুলকে একাধিকবার ফোনে হুমকি দেন।
৩ নভেম্বর দুপুরে জাহেদুল ইসলাম চা খাওয়ার কথা বলে হাসিবুলকে বাসা থেকে বের করে নিয়ে যান। পরে সংগীত আবাসিক এলাকার মন্নান সাহেবের বাড়ির সামনে কথাকাটাকাটির একপর্যায়ে তিনি কোমর থেকে ধারালো ছোরা বের করে হাসিবুলের বুকে, পিঠে ও গলায় আঘাত করে পালিয়ে যান।
স্থানীয়রা গুরুতর আহত হাসিবুলকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। নিহতের ভাই ইমরান বিন ইসলাম বাদী হয়ে পাঁচলাইশ মডেল থানায় হত্যা মামলা দায়ের করেন।
পুলিশের অভিযানে পাঁচলাইশ মডেল থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ সোলাইমানের নেতৃত্বে একটি টিম তথ্য প্রযুক্তি ও গোপন তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে ৪ নভেম্বর রাত ২টা ২০ মিনিটে চান্দগাঁও থানাধীন মৌলভীপুকুর পাড় এলাকা থেকে জাহেদুল ইসলামকে গ্রেপ্তার করে।
পরে তার তথ্যে হত্যাকাণ্ডে ব্যবহৃত ছোরা এবং ভিকটিমের ১ জোড়া সেন্ডেল উদ্ধার করা হয়। পাঁচলাইশ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ সোলাইমান জানান, গ্রেফতার হওয়া অভিযুক্ত ব্যাক্তিকে আদালতে প্রেরণ করা হয়েছে।
রিপোর্টার্স২৪/ঝুম