চাঁদপুর প্রতিনিধি: চাঁদপুরের পুরানবাজারে এক যুবকের বিরুদ্ধে আল্লাহ ও মহানবী (সা.) সম্পর্কে অবমাননাকর মন্তব্যের অভিযোগে হেফাজতে ইসলাম চাঁদপুর ও স্থানীয় তৌহিদী জনতার উদ্যোগে বিক্ষোভ সমাবেশ ও মিছিল অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (৪ নভেম্বর) বাদ জোহর পুরানবাজার লোহারপুল এলাকায় এ সমাবেশ হয়।
সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন হেফাজতে ইসলাম চাঁদপুর জেলা শাখার সভাপতি মাওলানা লিয়াকত হোসাইন। হেফাজত নেতা ফারুক মুহাম্মদ নোয়াইমের সঞ্চালনায় বিশেষ অতিথি ছিলেন সহ-সভাপতি মাওলানা ইব্রাহিম খলিল, মাওলানা ইলিয়াস ফরিদী ও মাওলানা গাজী নুরে আলম।
এছাড়া উপস্থিত ছিলেন হাফেজ কারী আব্দুর রশিদ, মাওলানা আশেক এলাহী, মাওলানা খলিলুর রহমান ও বেলাল হোসাইনসহ অন্যান্য নেতারা।
বক্তারা বলেন, চাঁদপুরের মানুষ সবসময় শান্তিপ্রিয়। কেউ যেন এ ঘটনার সুযোগ নিয়ে সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্ট বা বিশৃঙ্খলা সৃষ্টি করতে না পারে, সে বিষয়ে সবার সতর্ক থাকা উচিত।
সমাবেশ শেষে একটি বিক্ষোভ মিছিল শহরের পুরানবাজার বড় মসজিদের সামনে গিয়ে দোয়া ও মুনাজাতের মাধ্যমে শেষ হয়।
এদিকে, ধর্মীয় অবমাননার অভিযোগে সোমবার রাতে পুরানবাজার এলাকা থেকে জয় বর্মণ নামে এক যুবককে আটক করেছে আইনশৃঙ্খলা বাহিনী। অভিযোগের বিষয়ে তদন্ত চলছে বলে জানানো হয়েছে।
রিপোর্টার্স২৪/আরকে