জেলা প্রতিনিধি : কক্সবাজারের চকরিয়ায় বাস ও মাইক্রোবাসের সংঘর্ষে পাঁচজন নিহত হয়েছেন। বুধবার (৫ নভেম্বর) সকাল সাড়ে ৯টার দিকে উপজেলার ফাঁসিয়াখালীতে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কে এ ঘটনা ঘটে। চকরিয়ায় চট্টগ্রামমুখী যাত্রীবাহী বাস মার্সার সাথে কক্সবাজারমুখী একটি মাইক্রোবাসের সংঘর্ষ হয়।
বিষয়টি নিশ্চিত করেছেন চকরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তৌহিদুল আনোয়ার। তিনি বলেন, ঘটনাস্থলেই দুইজনের মৃত্যু হয় এবং হাসপাতালে নেওয়ার পর তিনজনকে মৃত ঘোষণা করেন চিকিৎসক। এছাড়া আরও দুজন আহত হয়েছেন বলে খবর পাওয়া গেছে। নিহতদের মধ্যে চার নারী ও একজন শিশু রয়েছে। সেনাবাহিনী ও স্থানীয়রা আহতদের উদ্ধার করে চকরিয়ার বিভিন্ন হাসপাতালে পাঠিয়েছেন।
নিহতরা হলেন-ব্যবসায়ী এনামুল হক পাটোয়ারী (৪৫), তার স্ত্রী রুবি বেগম (৩৫), ছোট মেয়ে, মা, শাশুড়ি, বোন কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের এমবিএ ১৫তম ব্যাচের ছাত্রী সাদিয়া হক (২৪), শ্যালিকা চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের ছাত্রী ফারজানা লিজা (২২) ও এক শ্যালক। তাদের প্রাথমিক চিকিৎসার পর চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
এনামুল হক পাটোয়ারী চৌদ্দগ্রাম সদর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আব্দুল গফুর পাটোয়ারীর ছোট ভাই বলে জানা গেছে।
প্রত্যক্ষদর্শীদের বরাতে জানা যায়, কুমিল্লা থেকে কক্সবাজারগামী পর্যটকবাহী মাইক্রোবাসটি (ঢাকা মেট্রো চ ১৫–৭৩৪৩) হাঁসের দিঘী ঢালায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা দ্রুতগতির মার্সা পরিবহনের যাত্রীবাহী বাসের সঙ্গে সংঘর্ষ হয়। এতে মাইক্রোবাসটি দুমড়ে–মুচড়ে যায়। ঘটনাস্থলেই প্রাণ হারান একই পরিবারের পাঁচজন।
চকরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তৌহিদুল আনোয়ার বলেন, খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছে স্থানীয় লোকজনের সহায়তায় উদ্ধার তৎপরতা চালানো হয়। আহতদের হাসপাতালে পাঠানো হয়েছে। নিহতদের মরদেহ মালুমঘাট খ্রিস্টান হাসপাতালের মর্গে রাখা হয়েছে। দুর্ঘটনার কারণ তদন্ত করে দেখা হচ্ছে।
রিপোর্টার্স২৪/এসএন