টেকনাফ প্রতিনিধি : কক্সবাজারের টেকনাফে ব্রিজের নিচ থেকে মো. ইউনুস সিকদার নামে স্থানীয় এক বিএনপি নেতার লাশ উদ্ধার করেছে পুলিশ। বুধবার (৫ নভেম্বর) সকালে হ্নীলা ইউনিয়নের আনোয়ার প্রজেক্ট এলাকার ব্রিজের নিচ থেকে টেকনাফ মডেল থানা পুলিশ লাশটি উদ্ধার করে।
নিহত ইউনুস সিকদার আরাফাত রহমান কোকো ক্রীড়া সংসদের টেকনাফ উপজেলা শাখার আহ্বায়ক এবং সাবরাং ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের মোহাম্মদ কাশেমের ছেলে।
তাৎক্ষণিকভাবে কে বা কারা তাকে হত্যা করেছে তা জানা যায়নি। পুলিশ জানিয়েছে, ময়নাতদন্ত ও তদন্ত শেষে মৃত্যুর কারণ নিশ্চিত হওয়া যাবে।
স্থানীয়রা জানান, ফজরের নামাজের পর মুসল্লিরা সড়কের পাশে পানিতে দুই হাত উঁচু করে ভাসমান অবস্থায় একটি মৃতদেহ দেখতে পান। বিষয়টি জানানোর পর পুলিশ এসে লাশ উদ্ধার করে।
হ্নীলা ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মো. আলী বলেন, “ইউনুস আমার ছোটবেলার বন্ধু। এই হত্যাকাণ্ড যারা ঘটিয়েছে, তাদের দ্রুত শনাক্ত করে আইনের আওতায় আনার দাবি করছি।”
কক্সবাজার জেলা বিএনপির সভাপতি ও সাবেক এমপি শাহজাহান চৌধুরী জানান, “দুই দিন আগেই নির্বাচনের বিষয়ে সে আমার সঙ্গে মতবিনিময় করেছে। আজ সকালে তার মৃত্যুর খবর পেলাম। হত্যাকারীদের দ্রুত গ্রেপ্তার ও শাস্তি চাই।”
টেকনাফ মডেল থানার ওসি (তদন্ত) হিমেল রায় বলেন, “লাশ উদ্ধার করে থানায় আনা হয়েছে। পরবর্তী আইনি কার্যক্রম চলমান রয়েছে। হত্যার কারণ উদঘাটনে তদন্ত চলছে।”
স্থানীয় রাজনৈতিক মহল ও ক্রীড়াঙ্গনে শোকের ছায়া নেমে এসেছে নিহত ইউনুস সিকদারের মৃত্যুর ঘটনায়।
রিপোর্টার্স২৪/আরকে