| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

বগুড়ায় পিনাকীর বাড়ির সামনে আগুন দেওয়ার অভিযোগ

reporter
  • আপডেট টাইম: নভেম্বর ০৫, ২০২৫ ইং | ১৮:০১:০৯:অপরাহ্ন  |  ১২৭৮৬৮৯ বার পঠিত
বগুড়ায় পিনাকীর বাড়ির সামনে আগুন দেওয়ার অভিযোগ

বগুড়া প্রতিনিধি:প্রবাসী অনলাইন অ্যাক্টিভিস্ট পিনাকী ভট্টাচার্যের বগুড়ার বাড়ির গেটের সামনে আগুন দেওয়ার অভিযোগ উঠেছে। সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুক পেজে অভিযোগ করেছেন পিনাকী ভট্টাচার্য নিজেই। ৪ মিনিট ৪১ সেকেন্ডের একটি ভিডিও তিনি ফেসবুক পেজে আপলোড করেছেন তিনি।

মঙ্গলবার (৪ নভেম্বর) দিবাগত রাত ২টার দিকে শহরের জলেশ্বরীতলা এলাকায় পিনাকী ভট্টাচার্যের বাড়ির সামনে আগুন দেওয়ার ঘটনা ঘটে।

এ ঘটনার ভিডিও আপলোড করে পিনাকী ভট্টাচার্য ফেসবুকে একটি দীর্ঘ পোস্ট দেন। পোস্টে তিনি তার নিরাপত্তার অভাব প্রকাশ করেন এবং দোষীদের বিচারের দাবি জানান।

তিনি লিখেছেন, ‘আমার বগুড়ার বাসার সামনের দরজায় গতকাল রাতে ২টায় দুজন মুখোশধারী আগুন লাগিয়ে দিয়ে যায়। আপনারাই বলুন, আমার বাসায় বগুড়া শহরে আগুন লাগানোর দুঃসাহস কার হতে পারে? আওয়ামী লীগ এই দুঃসাহস করে নাই। বাসায় আমার বৃদ্ধা মা থাকেন। এই পিশাচদের সেই বোধটাও নাই। এরা করতে আসছে রাজনীতি। আমি বগুড়াবাসীর কাছে আমার পরিবারের নিরাপত্তা কামনা করছি। আর এই দুর্বৃত্তদের বগুড়ার মাটি থেকে উৎখাত করার আহ্বান জানাচ্ছি।’

পিনাকী আরো উল্লেখ করেন, ‘দুর্বৃত্ত ধরা পড়বেই। কারা করেছে এই কাজ, দেশবাসী জানতে পারবে।’

নিজের অবস্থানে অনড় থাকার ঘোষণা দিয়ে তিনি বলেন, ‘আমাকে কোনো হুমকিই থামাতে পারবে না। আমার বাড়ি ভস্মীভূত হয়ে গেলেও আমার কণ্ঠস্বর থামবে না। ইনকিলাব জিন্দাবাদ।’

ঘটনার বিষয়টি প্রকাশ্যে আসার পর বগুড়া সদর থানা পুলিশ পিনাকী ভট্টাচার্যের জলেশ্বরীতলার বাড়িতে যায় এবং সিসিটিভি ফুটেজ সংগ্রহ করে।

বগুড়া সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (তদন্ত) মাহফুজ আলম বিষয়টি নিশ্চিত করে জানান, পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে সিসিটিভি ফুটেজ পর্যবেক্ষণ করেছে। তিনি বলেন, ‘ভিডিও ফুটেজে দেখা যায়, দুজন মুখোশধারী এসে একটি ছোট পলিথিনের টুকরোতে আগুন ধরিয়ে দরজার সামনে ফেলে চলে যায়। ঘটনাস্থলে সেই পোড়া পলিথিনের টুকরোটি পাওয়া গেছে। এটি বড় কোনো ঘটনা নয়, যদিও অভিযোগকারী এর মাধ্যমে ভয়-ভীতি দেখানোর অভিযোগ করেছেন।’

এই পুলিশ কর্মকর্তা আরও জানান, এ বিষয়ে এখন পর্যন্ত থানায় কোনো লিখিত অভিযোগ জমা পড়েনি। অভিযোগ পেলে পুলিশ আইনানুগ ব্যবস্থা নেবে।

পিনাকী ভট্টাচার্য দেশের বাইরে অবস্থান করলেও তার পরিবার বগুড়ার ওই বাসাতেই থাকে। এ বিষয়ে পিনাকী ভট্টাচার্যের মা সুকৃতি ভট্টাচার্যের সঙ্গে যোগাযোগের চেষ্টা করলেও তার কোনো বক্তব্য পাওয়া যায়নি।

রিপোর্টার্স২৪/সোহাগ

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪