শ্রীপুর (মাগুরা) প্রতিনিধি: আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে মাগুরা-১ আসনের বিএনপির মনোনয়নপ্রাপ্ত প্রার্থী ও মাগুরা জেলা বিএনপির সদস্য সচিব আলহাজ মনোয়ার হোসেন খানকে শ্রীপুর উপজেলা বিএনপি ও মাগুরা জেলা বিএনপির পক্ষ থেকে গণসংবর্ধনা দেওয়া হয়েছে।
বাংলাদেশ জাতীয়তাবাদী দলের কেন্দ্রীয় সিদ্ধান্ত মোতাবেক শ্রীপুর উপজেলা ও মাগুরা সদর উপজেলা মিলে মাগুরা-১ আসনে বিএনপির মনোনীত প্রার্থী চূড়ান্ত হওয়ার পর থেকে মনোয়ার হোসেন খান ঢাকাতেই অবস্থান করছিলেন। বুধবার (৫ নভেম্বর) দুপুরে নিজ এলাকা মাগুরায় আগমন উপলক্ষে শ্রীপুর উপজেলা ও মাগুরা জেলা বিএনপির নেতাকর্মীরা মনোয়ার হোসেন খানকে গণসংবর্ধনা দিতে কামারখালী গড়াই সেতুতে পৌঁছালে হাজারো নেতা–কর্মী তাকে শুভেচ্ছা জানান। পরে সেখান থেকে বিশাল মোটরসাইকেল শোভাযাত্রা ও আনন্দ মিছিলসহ ওয়াপদা বাজারের পথসভা ও দোয়া অনুষ্ঠানে নিয়ে আসা হয়।
শ্রীপুর উপজেলার ওয়াপদা মোড় বাজার এলাকায় অনুষ্ঠিত পথসভায় নাকোল ইউনিয়ন বিএনপির সভাপতি মো. রবিউল ইসলাম খানের সভাপতিত্বে সমাবেশে বক্তব্য রাখেন মাগুরা-১ আসনের মনোনীত প্রার্থী আলহাজ মনোয়ার হোসেন খান।
এ সময় মাগুরা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক মো. আকতার হোসেন, যুগ্ম আহ্বায়ক খান হাসান ইমাম সুজা, যুগ্ম আহ্বায়ক আলমগীর হোসেন, মাগুরা পৌর বিএনপির সভাপতি কিজিল খান, সদর উপজেলা বিএনপির সাবেক সভাপতি কুতুবউদ্দিন, অ্যাডভোকেট সাহেদ হাসান টগর, শ্রীপুর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান বদরুল আলম হিরো, সাবেক সাধারণ সম্পাদক মুন্সি রেজাউল করিমসহ জেলা, উপজেলা ও ইউনিয়ন বিএনপি ও অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
এ সময় মনোয়ার হোসেন খান বলেন, “মাগুরার মানুষ আজ আমাকে যে ভালোবাসা দেখিয়েছে, তা আমার জীবনের সবচেয়ে বড় প্রাপ্তি। বিএনপি জনগণের দল। এই ভালোবাসাই আমাদের আগামী দিনের প্রেরণা। আমি আপনাদের সহযোগিতা ও মূল্যবান ভোটের মাধ্যমে বিজয়ী হলে তারেক রহমানের নেতৃত্বে ঘোষিত ৩১ দফা বাস্তবায়নের মাধ্যমে জনগণের অধিকার ফিরিয়ে আনার বিষয়ে সর্বাত্মক কাজ করে যাব। মাগুরার উন্নয়ন ও মানুষের জীবনযাত্রার মানোন্নয়নের বিষয়ে আমার অগ্রণী ভূমিকা থাকবে।”
ওয়াপদা বাজারের পথসভা শেষে মোটরসাইকেলের বিশাল শোভাযাত্রার বহর নিয়ে তিনি মাগুরা শহরের অভিমুখে যাত্রা করেন।
রিপোর্টার্স২৪/এসএন