| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

মদ খাওয়ার টাকা না দেওয়ায় সহপাঠীকে কুপিয়ে জখম

reporter
  • আপডেট টাইম: নভেম্বর ০৬, ২০২৫ ইং | ১১:১০:১০:পূর্বাহ্ন  |  ১২৭৩১৫০ বার পঠিত
মদ খাওয়ার টাকা না দেওয়ায় সহপাঠীকে কুপিয়ে জখম

বাউফল প্রতিনিধি: বাউফলে মদ খাওয়ার টাকা না দেওয়ায় এক যুবককে কুপিয়ে জখম করেছে সহপাঠীরা। বুধবার (৫ নভেম্বর) রাতে উপজেলার কনকদিয়া বাজারে এ ঘটনা ঘটে। আহত প্রসেনজিৎ উপজেলার কনকদিয়া ইউনিয়নের পালপাড়া গ্রামের পরিতোষ পালের ছেলে।

ঘটনার সূত্রপাত হয় কয়েক দিন আগে। গত শনিবার (১ নভেম্বর) উপজেলার কনকদিয়া পালপাড়া গ্রামে জগদ্ধাত্রী পূজার অনুষ্ঠানে স্থানীয় নিজাম গাজীর ছেলে ও কনকদিয়া স্যার সলিমুল্লাহ স্কুল অ্যান্ড কলেজের এইচএসসি দ্বিতীয় বর্ষের ছাত্র নাঈমসহ কয়েকজন চেয়ারে উঠে নাচানাচি করছিল। এ সময় তাদেরই সহপাঠী প্রসেনজিৎ পাল ও অপু পাল ডেকোরেটরের চেয়ার ভেঙে যাওয়ার আশঙ্কায় বাধা দেয়। এতে ক্ষিপ্ত হয়ে তারা অপু পালকে মারধর করে। পরে বিষয়টি কনকদিয়া ইউনিয়ন ছাত্রদল সভাপতি টিপু মুন্সী মীমাংসা করে দেন।

ঘটনার দুই দিন পর বুধবার (৫ নভেম্বর) সন্ধ্যা ৭টার দিকে কনকদিয়া বাজারে ওষুধ কিনতে আসেন প্রসেনজিৎ। এ সময় সহপাঠী নাঈম ও তার চার বন্ধু মদ খাওয়ার টাকা দাবি করে। প্রসেনজিৎ টাকা দিতে অস্বীকার করলে তারা চাইনিজ ছুরি (সুইস গিয়ার) ও লাঠি দিয়ে আঘাত করে। এ সময় প্রসেনজিতের চিৎকার শুনে স্থানীয়রা তাকে উদ্ধার করে বাউফল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। অবস্থার অবনতি হলে জরুরি বিভাগের চিকিৎসক তাকে উন্নত চিকিৎসার জন্য বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান।

প্রসেনজিতের স্বজনরা জানান, তার মাথায় ধারালো অস্ত্রের গুরুতর আঘাত রয়েছে। এখনো জ্ঞান ফেরেনি।

এ বিষয়ে অভিযুক্ত নাঈম বলেন, “আমি ঘটনার সঙ্গে জড়িত নই। আমাকে হয়রানি করার জন্য জড়ানো হচ্ছে।”

বাউফল থানার ডিউটি অফিসার এএসআই মনিরুজ্জামান খান বলেন, “বিষয়টি আমাদের জানানো হয়নি। খোঁজ নেওয়ার চেষ্টা করছি।”


রিপোর্টার্স২৪/এসএন

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪