| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

হকারদের দখলমুক্ত হলো জয়দেবপুর রেলক্রসিং

reporter
  • আপডেট টাইম: নভেম্বর ০৬, ২০২৫ ইং | ১৩:২৪:৪২:অপরাহ্ন  |  ১২৭৭৯৭০ বার পঠিত
হকারদের দখলমুক্ত হলো জয়দেবপুর রেলক্রসিং

গাজীপুর প্রতিনিধি : গাজীপুরের প্রাণকেন্দ্র জয়দেবপুর রেলক্রসিং এলাকায় গাজীপুর সিটি কর্পোরেশন, জেলা প্রশাসন, মহানগর পুলিশ ও রেলওয়ের যৌথ সমন্বয়ে অভিযান পরিচালনা করে শতাধিক অবৈধ দোকান, অস্থায়ী স্থাপনা ও হকারদের দখল উচ্ছেদ করা হয়। একাধিক দপ্তরের কর্মকর্তাদের নেতৃত্বে অভিযানে মহানগর পুলিশ ও সিটি কর্পোরেশনের কর্মকর্তারাও অংশ নেন।

উচ্ছেদ অভিযানের নেতৃত্ব দেন গাজীপুর সিটি কর্পোরেশনের আঞ্চলিক নির্বাহী কর্মকর্তা ফিরোজ আল মামুন, জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট ফারিয়া তাসনিম, জয়দেবপুর রেলওয়ে জংশনের স্টেশন মাস্টার মাহমুদুল হাসান এবং রেলওয়ে নিরাপত্তা বিভাগের ইমরান হোসেন।

বৃহস্পতিবার (৬ নভেম্বর) সকালে প্রশাসনের পক্ষ থেকে উচ্ছেদ অভিযান চালানো হয়।

গাজীপুর সিটি কর্পোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা মো. সোহেল হাসান বলেন, 'জয়দেবপুর রেলক্রসিং হলো গাজীপুরের প্রাণকেন্দ্র। এখানে প্রতিদিন লাখো মানুষ চলাচল করে। দীর্ঘদিনের দখল ও বিশৃঙ্খলা নগর জীবনে অসহনীয় দুর্ভোগ সৃষ্টি করেছে। আজকের উচ্ছেদ শুধু একটি অভিযান নয় এটি এক নতুন সূচনা, যেখানে প্রশাসন, সিটি কর্পোরেশন, রেলওয়ে ও নাগরিক সমাজ একসাথে কাজ করছে।'

তিনি আরো জানান, ইতিমধ্যে রেলক্রসিং ও আশপাশের এলাকা আধুনিকায়নের লক্ষ্যে ‘জয়দেবপুর মোবিলিটি ইমপ্রুভমেন্ট প্রজেক্ট’হাতে নেওয়া হয়েছে। এর আওতায় ফ্লাইওভার নির্মাণ, বিকল্প সড়ক সম্প্রসারণ, ট্রাফিক সিগন্যাল অটোমেশন ও ফুটপাত সংস্কার করা হবে।

উচ্ছেদ অভিযানের পর ভাসমান হকার ও ফল ব্যবসায়ীরা জানান,'আমরা বছরের পর বছর এই জায়গায় ব্যবসা করে জীবিকা নির্বাহ করছিলাম। এখন আমাদের জীবিকার প্রশ্ন। প্রশাসনের কাছে অনুরোধ, আমাদের জন্য পুনর্বাসনের ব্যবস্থা করা হোক।'

এ প্রসঙ্গে প্রধান নির্বাহী কর্মকর্তা সোহেল হাসান বলেন, 'আমরা যেমন নাগরিক সুবিধা নিশ্চিত করতে দখল উচ্ছেদ করছি, তেমনি যারা ভাসমান ব্যবসায়ী, তাদের বিষয়টিও মানবিকভাবে বিবেচনা করা হবে। সিটি কর্পোরেশনের পক্ষ থেকে আইনানুগভাবে তাদের পুনর্গঠন ও পুনর্বাসনের ব্যবস্থা নেওয়া হবে'।

গাজীপুর সিটি কর্পোরেশনের প্রশাসক ও ঢাকা বিভাগের বিভাগীয় কমিশনার সরফ উদ্দিন আহমেদ বলেন, 'গাজীপুরের উন্নয়ন এখন সময়ের দাবি। নাগরিকদের চলাচল সহজ করা, রাস্তাঘাট ও ফুটপাত দখলমুক্ত রাখা আমাদের প্রধান অগ্রাধিকার। আজকের এই সমন্বিত উদ্যোগ শহর পুনরুদ্ধারের একটি দৃষ্টান্ত'।

অভিযানে গাজীপুর মহানগরীর ব্যস্ততম জয়দেবপুর রেলক্রসিং এলাকার শতাধিক অবৈধ দোকান ও হকার উচ্ছেদ করা হয়। ফলে রেলক্রসিং এলাকার দৃশ্যমান পরিবর্তন এসেছে। স্থানীয় বাসিন্দারা জানান, দীর্ঘদিন পর দখলমুক্ত হয়ে এলাকাটি এখন কিছুটা স্বস্তির নিঃশ্বাস ফেলেছে।


রিপোর্টার্স২৪/এসএন

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪