ফরিদপুর প্রতিনিধি: বিএনপির কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক শামা ওবায়েদ বলেছেন, আগামী ফেব্রুয়ারি মাসে যে নির্বাচন হবে, সেই নির্বাচনটি সঠিক ও সুষ্ঠু হবে এবং দেশের আপামর জনতা সার্বিকভাবে ভোট দিতে পারবে। আমরা মনে করি, সেই নির্বাচনে জনগণের ভোটে বিএনপি বিজয়ী হবে।
বৃহস্পতিবার (৬ নভেম্বর) বিকেলে নিজ নির্বাচনী এলাকা ফরিদপুরের সালথা উপজেলার গট্টি ইউনিয়নের ভাবুকদিয়া গ্রামে বিএনপি নেতা ফজলুল মতিন বাদশা মিয়ার বাড়িতে আয়োজিত কর্মীসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
তিনি বলেন, “আমরা বিগত দিনে দেখেছি, কিছু মানুষ হাজার কোটি টাকার মালিক হয়েছে, আবার কিছু মানুষ না খেয়ে থেকেছে। সরকারদলীয় লোকের চাকরি হয়েছে, কিন্তু মেধাবী শিক্ষার্থীদের চাকরি হয়নি। এটা তো বৈষম্য। এই বৈষম্যের কারণেই আমাদের ছোট ছোট ভাইবোনেরা মাঠে নেমেছিল। এই মাঠে নামতে গিয়ে বহু ছেলে-মেয়ে জীবন ও রক্ত দিয়েছে। তাদের রক্তের বিনিময়ে আজ আমরা গণতন্ত্রের পথে হাঁটছি।”
খালেদা জিয়ার জন্য দোয়া চেয়ে শামা ওবায়েদ বলেন, “আশির দশকে বেগম খালেদা জিয়ার নেতৃত্বে নয় বছর স্বৈরাচারবিরোধী আন্দোলন হয়েছিল। এরপর দেশ স্বৈরাচারমুক্ত হয়, দেশে গণতন্ত্র ফিরে আসে। ১৯৯১ সালে জনগণের বিপুল ভোটে বিএনপি বিজয়ী হয়। বেগম খালেদা জিয়া উপমহাদেশের প্রথম নারী প্রধানমন্ত্রী হন। অত্যন্ত দুঃখজনক যে, তাঁকে জঘন্য মিথ্যা মামলায় ছয় বছর জেলে থাকতে হয়েছে। তারপরও তিনি দীর্ঘ ১৭ বছর আন্দোলন করে গেছেন। তিনি এখন অসুস্থ, সবাই তাঁর জন্য দোয়া করবেন।”
নিজের বাবা বিএনপির সাবেক মহাসচিব মরহুম কেএম ওবায়দুর রহমানের স্মৃতিচারণ করে তিনি বলেন, “অনেক রাজনীতিবিদ আছেন, যারা টাকা-পয়সা, বাড়ি-গাড়ি বানিয়েছেন। অবৈধ উপায়েও অনেকে সম্পদ করেছেন। কিন্তু আমি গর্বিত, কারণ আমার বাবা মরহুম কেএম ওবায়দুর রহমান ব্যাংকে দেনা রেখে মারা গেছেন। তিনি মারা যাওয়ার পর আমার জন্য সবচেয়ে বড় সম্পদ রেখে গেছেন—সালথা ও নগরকান্দার মানুষ। আমি দীর্ঘ ১৭ বছর ধরে এই সালথা-নগরকান্দার মানুষের জন্য কাজ করে যাচ্ছি। আগামীতে যদি সংসদে যেতে পারি, তাহলে আরও বেশি কাজ করতে পারব।”
সাবেক বিএনপি নেতা ফজলুল মতিন বাদশা মিয়ার সভাপতিত্বে অনুষ্ঠিত কর্মীসভায় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন সালথা উপজেলা বিএনপির সাবেক সভাপতি মো. সিদ্দিকুর রহমান তালুকদার, নগরকান্দা উপজেলা বিএনপির সাবেক সিনিয়র সহসভাপতি হাবিবুর রহমান বাবুল তালুকদার, সাধারণ সম্পাদক সাইফুর রহমান মুকুল, সাবেক উপজেলা চেয়ারম্যান মো. ওয়াহিদুজ্জামান, ভাইস চেয়ারম্যান আসাদ মাতুব্বর, সালথা উপজেলা বিএনপির সাবেক সহসভাপতি শাহিন মাতুব্বর, যুগ্ম সাধারণ সম্পাদক খন্দকার খায়রুল বাসার আজাদ, বিএনপি নেতা রাশেদ মিয়া, কামরুল ইসলাম মজনু, যুবদল নেতা হাসান আশরাফ, এনায়েত হোসেন, কামরুল ইসলাম, মুরাদুর রহমান, মাহফুজুর রহমান খান, ইব্রাহিম মেম্বার, রফিক মাতুব্বর, পাবেল রায়হান প্রমুখ।
রিপোর্টার্স২৪/এসএন