| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

চট্টগ্রামের বায়েজিদ এলাকায় ফের গোলাগুলি, রিকশাচালক গুলিবিদ্ধ

reporter
  • আপডেট টাইম: নভেম্বর ০৬, ২০২৫ ইং | ০৯:১৬:৩৭:পূর্বাহ্ন  |  ২০১০৮৮৪ বার পঠিত
চট্টগ্রামের বায়েজিদ এলাকায় ফের গোলাগুলি, রিকশাচালক গুলিবিদ্ধ
ছবির ক্যাপশন: গুলিবিদ্ধ রিকশাচালক

চট্টগ্রাম প্রতিনিধি : চট্টগ্রামে ২৪ ঘণ্টা না পেরুতেই চট্টগ্রামের বায়েজিদ একই এলাকায় আবারও গোলাগুলির ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার (৬ নভেম্বর) চালিতাতলী এলাকায় বিকেলে এ ঘটনায় মো. ইদ্রিস আলী নামে এক অটোরিকশাচালক গুলিবিদ্ধ হয়েছেন।

চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালের পুলিশ ফাঁড়ির ইনচার্জ নুরুল আলম আশেক বিষয়টি নিশ্চিত করে বলেন, “এক অটোরিকশাচালক গুলিবিদ্ধ অবস্থায় চমেক হাসপাতালে ভর্তি হয়েছেন।”

চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালের পুলিশ ফাঁড়ি সূত্র জানিয়েছে, বিকেলে গুলিবিদ্ধ অবস্থায় অটোরিকশা চালক ইদ্রিস আলী হাসপাতালে এসেছেন। তার বাম পা আগে থেকে কাটা। সেই পায়ের হাঁটুতে গুলিবিদ্ধ ছিলেন তিনি। তিনি জানিয়েছেন, চালিতাতলী এলাকায় অটোরিকশা চালানোর সময় অজ্ঞাত দুর্বৃত্তরা ইদ্রিস আলীকে লক্ষ্য করে গুলি ছোড়ে। এতে তিনি হাঁটুতে গুলিবিদ্ধ হয়ে রাস্তায় লুটিয়ে পড়েন। পরে স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে নিয়ে যায়। হাসপাতালের চিকিৎসক ক্যাজুয়ালটি ওয়ার্ডে ভর্তি করেন। সেখানে তিনি চিকিৎসাধীন রয়েছেন।

বৃহস্পতিবার রাত সাড়ে আটটায় নগর পুলিশের উপ-কমিশনার আমিরুল ইসলাম বলেন, ‌‘হাসপাতাল থেকে খবর পেয়ে থানার একটি টিমকে চালিতাতলীতে পাঠানো হয়েছে। সেখানে এ ধরনের কোনো ঘটনার কথা কেউ বলতে পারছেন না। আরেকটা টিম হাসপাতালে পাঠিয়েছি অটোরিকশা চালক কীভাবে গুলিবিদ্ধ হয়েছেন তা জানতে। ঘটনার সত্যতা পেলে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।’

আগের দিন বুধবার সন্ধ্যায় নগরের বায়েজিদ বোস্তামী থানার খোন্দকারাবাদ ফতেপুকুর এলাকায় চট্টগ্রাম-৮ আসনের বিএনপির প্রার্থী এরশাদ উল্লাহর গণসংযোগে কাঁধে পিস্তল ঠেকিয়ে সারোয়ার হোসেন বাবলাকে হত্যা করা হয়। এতে প্রার্থী এরশাদ উল্লাহসহ চারজন গুলিবিদ্ধ হন। 

রিপোর্টার্স২৪/এসএন

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪