চট্টগ্রাম প্রতিনিধি : চট্টগ্রাম নগরীর বায়েজিদ থানার চালিতাতলী এলাকায় প্রকাশ্যে গুলি করে সরোয়ার হোসেন বাবলাকে হত্যা, প্রতিবন্ধী অটোরিকশা চালক মো. ইদ্রিসকে গুলি এবং রাউজানে প্রকাশ্যে গুলি ও রক্তক্ষয়ী সংঘর্ষের ঘটনার মূলহোতা ইশতিয়াক চৌধুরী অভিসহ ৬ জনকে গ্রেপ্তার করেছে র্যাব।
বৃহস্পতিবার (৬ নভেম্বর) থেকে আজ শুক্রবার সকাল পর্যন্ত অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।
শুক্রবার সকালে এ তথ্য নিশ্চিত করেছেন র্যাব-৭ এর সহকারী পরিচালক (মিডিয়া) এ.আর. এম মোজাফ্ফর হোসেন।
র্যাব-৭ অধিনায়ক লে. কর্নেল মো. হাফিজুর রহমান জানান, শুক্রবার সংবাদ সম্মেলন করে এই বিষয়ে বিস্তারিত জানান। তিনি বলেন, ওই গোলাগুলির একই ঘটনায় মোঃ এরফানুল হক শান্ত ও মোঃ সানোয়ারসহ মোট ৪ জন গুলিবিদ্ধ হন। উক্ত ঘটনার সঙ্গে জড়িতদের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। বৃহস্পতিবার মধ্যরাতে উক্ত মামলার ২ জন আসামী আলাউদ্দিন ও হেলালকে চান্দগাওয়ের হাজিরপুল এলাকা থেকে ঘটনার ৩৫ ঘন্টার মধ্যে র্যাব গ্রেপ্তার করে।
র্যাব-৭, চট্টগ্রাম অধিনায়ক আরও বলেন, একই দিন বৃহস্পতিবার রাত সাড়ে এগারোটার দিকে রাউজানের বাগোয়ান ইউনিয়নের চৌধুরী পাড়া এলাকায় সুমন, ইসমাইল, খোরশেদ ও সোহেল নামক ৪ জন ব্যক্তি দুর্বৃত্তদের গুলিতে আহত হন। উক্ত ঘটনার প্রধান আসামী ইসতিয়াক চৌধুরীসহ জ্যাকি ও জনি নামক আরও দুজনকে শুক্রবার ভোরে ঘটনার ৩০ ঘন্টার মধ্যে চকবাজার এলাকা থেকে ১টি বিদেশি পিস্তল, ১টি ম্যাগাজিন ও ৪ রাউন্ড তাজা গুলিসহ র্যাব-৭, চট্টগ্রাম গ্রেপ্তার করেছে।
বৃহস্পতিবার (৬ নভেম্বর) বিকালে চট্টগ্রাম মেট্রোপলিটনের চালিতাতলী এলাকায় ইদ্রিস নামক একজন অটোরিকশা চালককে পায়ে ২টি গুলি করা হয়। উক্ত ঘটনার সঙ্গে জড়িত রাজ নামক ১ জনকে রাতে ঘটনার ৬ ঘন্টার মধ্যে রাউফাবাদ এলাকা থেকে গ্রেপ্তার করে র্যাব। আটককৃত ব্যক্তিদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।
এর আগে বুধবার (৫ নভেম্বর) বায়েজিদের চালিতাতলী এলাকায় চট্টগ্রাম ৮ আসনের বিএনপির প্রার্থী ও মহানগর বিএনপির আহ্বায়ক এরশাদ উল্লাহকে প্রচার কালে গুলি করা হয়। এতে তিনি গুলিবিদ্ধ হন এবং চট্টগ্রামের ১৮ মামলার আসামি সরোয়ার হোসেন বাবলা গুলিতে নিহত হন।
রিপোর্টার্স২৪/এসএন