রাঙামাটি প্রতিনিধি : রাঙামাটি জেনারেল হাসপাতালে সাথী বড়ুয়া (৩৭) নামে এক সিনিয়র স্টাফ নার্সের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার (৭ নভেম্বর) দুপুরে হাসপাতালের নার্সদের চেঞ্জিং রুম (পোশাক পরিবর্তন কক্ষ) থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।
নিহত সাথী বড়ুয়া রাঙামাটি শহরের দেবাশীষ নগর এলাকার বাসিন্দা। তিনি স্থানীয় ব্যবসায়ী সুমন বড়ুয়ার স্ত্রী এবং দুই কন্যা সন্তানের জননী ছিলেন।
হাসপাতাল সূত্রে জানা গেছে, সাথী বড়ুয়া দীর্ঘদিন ধরে শারীরিক অসুস্থতায় ভুগছিলেন। বৃহস্পতিবার রাতে নাইট ডিউটির পর শুক্রবার সকালে সহকর্মীদের সঙ্গে কথোপকথনের সময় তিনি শরীর খারাপ লাগার কথা জানান। এরপর তিনি নার্সদের চেঞ্জিং রুমে প্রবেশ করেন। দীর্ঘসময় ধরে সে রুমের দরজা বন্ধ থাকায় হাসপাতালের অন্যান্য নার্স দরজা খুলতে চেষ্টা করেন এবং সাড়া না পেয়ে দরজা ভেঙে ভেতরে প্রবেশ করে জানালার সঙ্গে ঝুলন্ত অবস্থায় সাথী বড়ুয়ার মরদেহ দেখতে পান।
রাঙামাটি জেনারেল হাসপাতালের আবাসিক চিকিৎসক ডা. শওকত আকবর খান বলেন, “সাথী বড়ুয়া অসুস্থতার কারণে ছুটি নিয়েছিলেন এবং পরবর্তীতে হাসপাতালে ভর্তি হন। দুপুরের দিকে আমরা তার মৃত্যুর খবর পাই। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, তিনি মানসিক চাপে ভুগছিলেন।”
রাঙ্গামাটির সিভিল সার্জন ডা. নূয়েন খীসা বলেন, “নিহত সাথী বড়ুয়া বৃহস্পতিবার রাতেও নাইট ডিউটি করেছেন। শুক্রবার সকালে সহকর্মীদের সঙ্গে আলাপের সময় তিনি শরীর খারাপ লাগার কথা বলেছিলেন। এরপর কিছুক্ষণের মধ্যেই এমন ঘটনা ঘটে।” তিনি আরও বলেন, “প্রাথমিকভাবে এটি আত্মহত্যা বলেই মনে হচ্ছে, তবে ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর প্রকৃত কারণ জানা যাবে।”
ঘটনার সত্যতা নিশ্চিত করে কোতোয়ালি থানার পরিদর্শক (তদন্ত) মো. মোখলেছুর রহমান বলেন “খবর পেয়ে আমরা ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করি এবং ময়নাতদন্তের জন্য প্রেরণ করা হয়। প্রতিবেদন পেলে মৃত্যুর কারণ সম্পর্কে বিস্তারিত বলা যাবে।”
রিপোর্টার্স২৪/এসএন