ময়মনসিংহ প্রতিনিধি: দৈনিক ইত্তেফাক পত্রিকার নান্দাইল উপজেলা সংবাদদাতা ও প্রেস ক্লাব নান্দাইলের সাবেক সাধারণ সম্পাদক শাহ-আলম ভূঁইয়া (৪৫) আর নেই। (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
আজ শুক্রবার (৭ নভেম্বর) ভোরে ময়মনসিংহের কমিউনিটি বেজড মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।
দীর্ঘদিন ধরে তিনি ডায়াবেটিস ও কিডনিসহ বিভিন্ন জটিল রোগে ভুগছিলেন। শাহ-আলম ভূঁইয়া নান্দাইল উপজেলার বলদা চর গ্রামের অবসরপ্রাপ্ত ভূমি কর্মকর্তা ও মুক্তিযোদ্ধা সাহেব আলী ভূঁইয়ার ছেলে।
সাংবাদিকতার দীর্ঘ জীবনে তিনি একাধিক জাতীয় ও আঞ্চলিক পত্রিকায় নান্দাইল প্রতিনিধি হিসেবে দায়িত্ব পালন করেছেন।
মৃত্যুকালে তিনি মা-বাবা, এক বোন ও এক মেয়েসহ অসংখ্য আত্মীয়-স্বজন, সহকর্মী ও শুভানুধ্যায়ী রেখে গেছেন।
আজ শুক্রবার বাদ আসর স্থানীয় দত্তগ্রাম সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে জানাজা শেষে নিজ গ্রামের পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হয়।
তার মৃত্যুতে প্রেস ক্লাব নান্দাইলসহ স্থানীয় সাংবাদিক সমাজ গভীর শোক প্রকাশ করেছে এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছে।
রিপোর্টার্স২৪/আয়েশা