| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

দুই দিনের সফরে নিজ জেলা পাবনায় রাষ্ট্রপতি সাহাবুদ্দিন

reporter
  • আপডেট টাইম: নভেম্বর ০৮, ২০২৫ ইং | ০০:২৪:১৬:পূর্বাহ্ন  |  ২১১০৮৯৩ বার পঠিত
দুই দিনের সফরে নিজ জেলা পাবনায় রাষ্ট্রপতি সাহাবুদ্দিন
ছবির ক্যাপশন: আজ সকালে পাবনা সার্কিট হাউসে পৌঁছার পর গার্ড অব অনার গ্রহণ করছেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন। ছবি: সংগৃহীত

পাবনা প্রতিনিধি: দুই দিনের সরকারি সফরে নিজ জেলা পাবনায় পৌঁছেছেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন। শনিবার (৮ নভেম্বর) সকাল ৯টা ৪০ মিনিটে তিনি হেলিকপ্টারযোগে ঢাকা থেকে পাবনা স্টেডিয়ামে পৌঁছান। এ সময় জেলা প্রশাসক মোহাম্মদ মফিজুল ইসলাম ও পুলিশ সুপার মোরতোজা আলী খান রাষ্ট্রপতিকে স্বাগত জানান। এরপর সকাল ৯টা ৪৫ মিনিটে সার্কিট হাউসে পৌঁছে গার্ড অব অনার গ্রহণ করেন তিনি।

সকাল ১১টায় রাষ্ট্রপতি আরিফপুর কবরস্থানে গিয়ে মা-বাবার কবর জিয়ারত করেন। পরে সকাল ১১টা ৩০ মিনিটে শহরের কালাচাঁদপাড়ার জুবলীট্যাংক এলাকার নিজ বাড়িতে যান তিনি। সেখানে দুপুর ১টায় আত্মীয়-স্বজনদের সঙ্গে সাক্ষাৎ ও কিছু সময় কাটানোর কথা রয়েছে। রাতে সার্কিট হাউসেই অবস্থান করবেন রাষ্ট্রপতি।

সফরের দ্বিতীয় দিন রবিবার (৯ নভেম্বর) সকাল ১০টা ৪৫ মিনিটে সার্কিট হাউসে গার্ড অব অনার গ্রহণের পর ১১টায় পাবনা স্টেডিয়ামের হেলিপ্যাডে উপস্থিত হবেন এবং সেখান থেকে বঙ্গভবনের উদ্দেশে যাত্রা করবেন। রাষ্ট্রপতির সফরকে ঘিরে পুরো এলাকায় নেওয়া হয়েছে নিশ্ছিদ্র নিরাপত্তাব্যবস্থা। স্টেডিয়াম, সার্কিট হাউস, আরিফপুর কবরস্থান ও তার নিজ বাসভবন এলাকায় বাড়ানো হয়েছে নিরাপত্তা টহল।

উল্লেখ্য, প্রায় ১৫ মাস পর নিজ জেলা পাবনায় গেলেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন। গত বছরের ৫ আগস্টের পর এটি তার প্রথম সফর। পূর্ববর্তী সরকারের সময়ে তার সফর ঘিরে এলাকায় থাকত উৎসবের আমেজ-ব্যানার, ফেস্টুন ও শুভেচ্ছা তোড়নে সেজে উঠত শহর। তবে এবার সফরটি অনেকটা নিঃশব্দেই সম্পন্ন হচ্ছে, নেই সেই আগের উচ্ছ্বাস।

২০২৩ সালের ২৪ এপ্রিল দেশের ২২তম রাষ্ট্রপতি হিসেবে দায়িত্ব গ্রহণের পর ওই বছরের ১৫ মে প্রথমবারের মতো নিজ জেলা পাবনা সফর করেছিলেন তিনি।

রিপোর্টার্স২৪/আয়েশা

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪