রিপোর্টার্স২৪ ডেস্ক: আইন উপদেষ্টা আসিফ নজরুল বলেছেন, রাজশাহীর মেয়েদের কারিগরি প্রশিক্ষণকেন্দ্র (টিটিসি) দেশের মধ্যে অন্যতম। এখানে প্রশিক্ষণপ্রাপ্ত মেয়েরা দেশ-বিদেশে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে, যা দেশের অর্থনীতি ও আন্তর্জাতিক সুনাম বৃদ্ধিতে সহায়ক।
শনিবার (৮ নভেম্বর) সকালে তিনি নগরীর টিটিসি পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন। তিনি জানান, প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের আওতায় সারা দেশে শতাধিক কারিগরি প্রশিক্ষণকেন্দ্র রয়েছে। এই কেন্দ্রগুলোর প্রশিক্ষণপ্রাপ্তরা কর্মসংস্থানের ক্ষেত্রে দেশের অগ্রগতি ও আন্তর্জাতিক প্রতিযোগিতায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছেন।
সকালে তিনি কেন্দ্রটির বিভিন্ন কার্যক্রম ঘুরে দেখেন এবং প্রশিক্ষণার্থীদের সঙ্গে আলোচনা করেন। এ সময় রাজশাহী জেলা প্রশাসকসহ টিটিসির ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। সংবাদদাতাদের আগামী জাতীয় সংসদ নির্বাচন সম্পর্কিত প্রশ্নের উত্তরে তিনি জানান, নির্বাচনের বিষয়ে মন্তব্য করার জন্য রাজশাহীতে আসেননি।
রিপোর্টার্স২৪/ঝুম