বেনাপোল প্রতিনিধি : আজ রোববার (৯ নভেম্বর) যশোর শামস-উল হুদা স্টেডিয়ামে শুরু হবে জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের ম্যাচ। নকআউট পদ্ধতিতে অনুষ্ঠিত এ টুর্নামেন্টে দু’টি গ্রুপে ভাগ হয়ে জেলার আটটি উপজেলা অংশগ্রহণ করবে।
দুপুর আড়াইটায় উদ্বোধনী ম্যাচে অংশ নেবে সদর উপজেলা ও শার্শা উপজেলা। এর আগে খুলনা বিভাগীয় কমিশনার ফিরোজ শাহ টুর্নামেন্টের উদ্বোধন করবেন। শনিবার জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব তথ্য জানানো হয়।
‘ক’ গ্রুপে রয়েছে কেশবপুর, মণিরামপুর, চৌগাছা ও বাঘারপাড়া উপজেলা। ‘খ’ গ্রুপে রয়েছে সদর, শার্শা, ঝিকরগাছা ও অভয়নগর উপজেলা। টুর্নামেন্টের ম্যাচগুলো অনুষ্ঠিত হবে একদিন বিরতি দিয়ে। ২০ নভেম্বর ফাইনাল ম্যাচের সম্ভাব্য তারিখ নির্ধারণ করা হয়েছে।
চ্যাম্পিয়ন ও রানার-আপ দলের জন্য থাকবে আকর্ষণীয় পুরস্কার ও প্রাইজমানি। এছাড়া প্রতি ম্যাচের সেরা খেলোয়াড়ের জন্য থাকবে পুরস্কার। টুর্নামেন্টের সেরা খেলোয়াড়কে প্রদান করা হবে ‘ম্যান অব দ্য টুর্নামেন্ট’-এর পুরস্কার। খেলা দেখতে দর্শকদের কিনতে হবে টিকিট, যার মূল্য ধরা হয়েছে ২০ টাকা। দর্শকদের জন্য থাকবে র্যাফেল ড্র-এর আয়োজনও।
সংবাদ সম্মেলনে প্রেস নোট উপস্থাপন করেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) সুজন সরকার। বিভিন্ন প্রশ্নের উত্তর দেন জেলা প্রশাসক আজাহারুল ইসলাম ও টুর্নামেন্টের সাংগঠনিক কমিটির সদস্যসচিব মাহতাব নাসির পলাশ।
এ সময় জেলা প্রশাসক আজাহারুল ইসলাম বলেন, যশোরে খেলাধুলার ঐতিহ্য রয়েছে। একসময় হকি, হ্যান্ডবল, বাস্কেটবলে জাতীয় পর্যায়ে দাপটের সঙ্গে খেলেছে যশোরের খেলোয়াড়রা। আমরা শুধু ফুটবল খেলাকে গুরুত্ব দিচ্ছি না; পর্যায়ক্রমে সব খেলায় আয়োজন করা হবে। এ সময় উপস্থিত ছিলেন স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক ও টুর্নামেন্টের সাংগঠনিক কমিটির আহ্বায়ক রফিকুল হাসান, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) খান মাসুম বিল্লাহ, প্রেসক্লাব যশোরের সভাপতি জাহিদ হাসান টুকুন প্রমুখ।