লক্ষ্মীপুর প্রতিনিধি : লক্ষ্মীপুরে এক ভাড়াটিয়ার দোকান ভাঙচুর এবং মারধরের চেষ্টা করার অভিযোগ উঠেছে মালিক ডা. রাকিবুল হাসানের বিরুদ্ধে। রোববার (৯ নভেম্বর) দুপুরে পৌর শহরের মমিন প্লাজায় ঘটনাটি ঘটে। এ ঘটনায় মামলা করবেন বলে জানিয়েছেন ভুক্তভোগী ব্যবসায়ী।
ভুক্তভোগী ব্যবসায়ী এ.এইচ কম্পিউটার’স এর মালিক আনোয়ার হোসেন। তিনি জেলা ডাক অফিস সংলগ্ন মমিন প্লাজার ২য় তলার ব্যবসায়ী। অভিযুক্ত ডা. রাকিবুল হাসান মমিন প্লাজার মালিক এবং ড্যাব লক্ষ্মীপুরের সভাপতি।
আনোয়ার হোসেন বলেন, “কয়েক দিন পূর্বে মৌখিকভাবে আমাকে দোকান ছেড়ে দেওয়ার নির্দেশ দেন রাকিবুল হাসান। কেন ছাড়তে হবে জানতে চাইলে তিনি আমাকে গালমন্দ করেন। দোকান না ছাড়ায় এর আগে মোবাইল ফোনে ও আমাকে অকথ্য ভাষায় গালমন্দ করেছেন। আজ দুপুরে তিনি দোকানে এসে অশালীন ভাষায় গালমন্দ করতে থাকেন এবং আমাকে ও আমার দোকানের ম্যানেজারকে মারধরের চেষ্টা করেন। প্রতিবাদ করায় দোকানের আসবাবপত্র ভাঙচুর করেন। এছাড়া আমার হাতের মোবাইল ফোন কেঁড়ে ভেঙে ফেলেন। পরে আমরা ভিডিও করার ভয় দেখালে তিনি চলে যান।”
তিনি আরও বলেন, “তিনি কোনো নিয়ম মানছেন না। নিয়মবহির্ভূতভাবে আমাকে দোকান ছাড়তে বলেছে। বাজারের অন্যান্য ব্যবসায়ীরাও তার সঙ্গে কথা বলেছেন, কিন্তু তাদের কথাও শোনেননি। এখন দোকান ভাঙচুর ও মারধরের চেষ্টা করেছেন। এ বিষয়ে আমি আইনগত ব্যবস্থা নেব।”
প্রত্যক্ষদর্শী সুমন হোসেন বলেন, “ঘটনার সময় রাকিবুল হাসান দোকান ভাঙচুর করে এবং তাদেরকে গালমন্দ করেন। ওনাকে থামতে বললে তিনি আরও উত্তেজিত হয়ে ওঠেন। একপর্যায়ে সিসিটিভি ক্যামেরা দেখে দ্রুত চলে যান।”
এ বিষয়ে একাধিকবার কল দেওয়া হলেও অভিযুক্ত ডা. রাকিবুল হাসানের কোনো মন্তব্য পাওয়া যায়নি।
জানতে চাইলে লক্ষ্মীপুর বণিক সমিতির সভাপতি (ভারপ্রাপ্ত) আবদুল আজিজ বলেন, “কেউ আমাকে বিষয়টি জানায়নি। খোঁজ নিয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। মৌখিক নয়, লিখিতভাবে দোকান ছাড়ার নির্দেশ দিতে পারে মালিক। যদি ভাড়াটিয়া তা না মানে, তখন বণিক সমিতিতে অভিযোগ করতে পারেন। কিন্তু তা না করে দোকান ভাঙচুর ও মারধরের চেষ্টা করা মোটেও ঠিক হয়নি।”
রিপোর্টার্স২৪/এসএন