চাঁদপুর প্রতিনিধি: সম্প্রতি সময়ে পেঁয়াজের দাম বৃদ্ধির কারণে চাঁদপুর শহরের বাণিজ্যিক কেন্দ্র পুরান বাজারে অভিযান পরিচালনা করেছে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। এ সময় মূল্য তালিকা না থাকা এবং মেয়াদ উত্তীর্ণের তারিখ ছাড়া শিশু খাদ্য বিক্রির অপরাধে ৩টি ব্যবসা প্রতিষ্ঠানের মালিককে মোট ১২ হাজার টাকা জরিমানা করা হয়।
রোববার (৯ নভেম্বর) দুপুরে আনসার বাহিনীর সহযোগিতায় জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর জেলা কার্যালয়ের সহকারী পরিচালক আব্দুল্লাহ আল ইমরান অভিযান পরিচালনা করেন।
তিনি জানান, অভিযানকালে ভোক্তা অধিকার সংরক্ষণ আইনের অধীনে মূল্য তালিকা না রাখায় লোকনাথ স্টোর মালিককে ২ হাজার টাকা, একই অপরাধে মেসার্স শুকতারা ট্রেডার্স মালিককে ৫ হাজার টাকা এবং মেয়াদ উত্তীর্ণের তারিখ ছাড়া শিশু খাদ্য বিক্রির অপরাধে নাহিদ স্টোর মালিককে ৫ হাজার টাকা জরিমানা আরোপ ও আদায় করা হয়।
অভিযুক্ত প্রতিষ্ঠানসমূহ পুনরায় এই ধরনের অনিয়ম করা থেকে বিরত থাকার অঙ্গীকার করেন। অভিযানকালে সাম্প্রতি পেঁয়াজের মূল্য বৃদ্ধি পাওয়ায় পেঁয়াজের আড়তগুলোতে মনিটরিং করা হয়। এছাড়া আমদানি করা মুগডালে কোন ধরনের রঙ মেশানো আছে কি না তা যাচাই করার জন্য ডালের আড়তে তদারকি করা হয়।
জেলা কৃষি বিপণন কর্মকর্তা মোঃ মাসুদ রানা, জেলা স্বাস্থ্য পরিদর্শক মোঃ নজরুল ইসলাম এবং বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর একটি দল সার্বিক সহায়তা প্রদান করেন। জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
রিপোর্টার্স২৪/এসএন