ঝিনাইদহ প্রতিনিধি: তরুণ সমাজকে মাদক ও অপরাধ থেকে দূরে রাখতে খেলাধুলার আয়োজন হিসেবে ঝিনাইদহে শুরু হয়েছে শহীদ জিয়া ক্রিকেট টুর্নামেন্ট। রোববার বিকেলে আরাপপুর যুবসমাজের আয়োজনে শহরের নিউ একাডেমি স্কুল মাঠে এ টুর্নামেন্টের উদ্বোধন করেন জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুল মজিদ বিশ্বাস।
উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা যুবদলের সাধারণ সম্পাদক আশরাফুল ইসলাম পিন্টু, জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক মুশফিকুর রহমান মানিক, সাজেদুর রহমান মিলনসহ অন্যান্য নেতৃবৃন্দ।
এছাড়া ঝিনাইদহ জেলা বিএনপির সহ অর্থ বিষয়ক সম্পাদক ইঞ্জিনিয়ার শাহীন, জেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম সম্পাদক হারুন অর রশিদ, জেলা ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক শাহরিয়ার রাসেল, পৌর বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুর রহমান রিপন, পৌর স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব রাজু আহমেদ রাজিব, আট নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি সাদেক আলী বিশ্বাস, এবং পৌর বিএনপি’র দপ্তর সম্পাদক রেজাউল ইসলাম উপস্থিত ছিলেন।
উদ্বোধনী অনুষ্ঠানে বক্তারা বলেন, এ ধরনের আয়োজন সমাজের জন্য একটি ইতিবাচক উদ্যোগ। তারা বলেন, সোশ্যাল মিডিয়ার মাধ্যমে আমরা দেখতে পাচ্ছি সারাদেশেই এমন ক্রীড়া আয়োজনের উদ্যোগ নেওয়া হচ্ছে, যা নিঃসন্দেহে প্রশংসনীয়। এই ধরনের টুর্নামেন্ট তরুণ সমাজকে মাদক ও অপরাধের পথ থেকে দূরে রেখে সুন্দর ও সুশৃঙ্খল সমাজ গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
এই টুর্নামেন্টে জেলার তিনটি সেটে মোট ১২টি দল অংশ নিচ্ছে। উদ্বোধনী ম্যাচে মুখোমুখি হয় ইসলামী বিশ্ববিদ্যালয় একাদশ ও ঝিনাইদহ রিভেলুয়েশন একাদশ।
রিপোর্টার্স২৪/এসসি