বরগুনা প্রতিনিধি: বরগুনায় সড়ক মেরামত কাজে নাম্বারবিহীন নিম্নমানের উপকরণ ব্যবহার করছে ঠিকাদারি প্রতিষ্ঠান। স্থানীয়দের দাবি কর্তৃপক্ষের তদারকি না থাকায় এসব নিম্নমানের মালামাল দিয়েই কাজ করছে ঠিকাদারী প্রতিষ্ঠানটি।
এলজিইডি সূত্রে জানা গেছে,স্থানীয় সরকার ও প্রকৌশলী বিভাগের অধীনে (gobm) মেরামত প্রকল্পের আওতায় পড়িরখাল খাল জিসি থেকে বাবুগঞ্জ জিসি পর্যন্ত অর্থাৎ ছোট বালিয়াতলী থেকে বিশ্বাস বাড়ি পর্যন্ত সাড়ে ৩ কিলোমিটার সড়ক মেরামত কাজে দরপত্রের প্রাক্কলন অনুযায়ী বরাদ্দ দেয়া হয়েছে ৩ কোটি ৬৫ লাখ টাকা। দরপত্র আহবানে সড়ক মেরামতের কাজ পান ঠিকাদারি প্রতিষ্ঠান ইথান এন্টারপ্রাইজের স্বত্বাধিকারী কাদের খান। তবে প্রাথমিক তথ্য মতে জানা গেছে ঠিকাদারের অনুকূলে কাজ করছেন দৈনিক যুগান্তরের পটুয়াখালীর উপকূলীয় প্রতিনিধি জলিল আহমেদ।
সড়কে নিম্নমানের উপকরণের বিষয়ে ঠিকাদারের প্রতিনিধি সাহাবুদ্দিন বলেন, অল্প কিছু মালে সমস্যা হয়েছে। তিনি বলেন হাতের পাঁচটা আঙ্গুল সমান হয় না তাই একটু উনিশ-বিশ হয়েছে।
স্থানীয়রা বলছেন, দীর্ঘদিনের ভোগান্তির পর অবশেষে সড়ক মেরামতের কাজ হচ্ছে এই অঞ্চলে। কর্তৃপক্ষের গাফিলতি আর ঠিকাদারের দূর্নীতি তাইতো মানহীন ইটের খোয়া দিয়ে কাজ করছে। এভাবে কাজ করলে ছয় মাসের মধ্যেই রাস্তা পুনরায় খানাখন্দে পরিণত হবে।
বরগুনা সদর উপজেলা এলজিইডির প্রকৌশলী সাইফুল ইসলাম বলছেন, ঠিকাদারি প্রতিষ্ঠান কোনভাবেই অনৈতিক সুবিধা নেয়ার সুযোগ নেই। শতভাগ সঠিকভাবে কাজ করতে হবে। ঠিকাদার নিম্নমানের মালামাল ব্যবহার করছে, খবর পাওয়ার সাথে সাথে সেগুলো অপসারণ করা হয়েছে।
রিপোর্টার্স২৪/ঝুম