শেরপুর প্রতিনিধি : শেরপুর-১ (সদর) আসনে বিএনপির মনোনীত প্রার্থী পরিবর্তনের দাবিতে বিক্ষোভ মিছিল করেছে মনোনয়নবঞ্চিত প্রার্থীর সমর্থকরা। রোববার (৯ নভেম্বর) বিকেলে শহরের রঘুনাথবাজারস্থ জেলা বিএনপির কার্যালয়ের সামনে থেকে জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক শফিকুল ইসলাম মাসুদের সমর্থকরা জড়ো হয়ে বিক্ষোভ মিছিল বের করে। মিছিলটি শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে জেলা বিএনপি কার্যালয়ের সামনে এসে শেষ হয়।
পরে সেখানে এক সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়। এ সময় জেলা বিএনপির সদস্য হাসানুর রেজা জিয়া, আমিনুল ইসলাম শিপন, জেলা স্বেচ্ছাসেবক দলের সাবেক সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন ক্রিসেন্ট, সাবেক সিনিয়র সহসভাপতি দিদারুজ্জামান সিদ্দিকী দিদার, জেলা মহিলা দলের সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক সুমাইয়া আলমসহ সংখ্যক নেতা-কর্মী উপস্থিত ছিলেন।
সংক্ষিপ্ত সমাবেশে বক্তারা বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের প্রতি আহ্বান জানিয়ে বলেন, ‘যদি মনোনয়ন পুনর্বিবেচনা না করা হয়, তবে শেরপুরে কঠোর আন্দোলন গড়ে তোলা হবে।’
উল্লেখ্য, শেরপুর-১ (সদর) আসনে বিএনপির মনোনয়ন পেয়েছেন জেলা বিএনপির সাবেক আহ্বায়ক মোহাম্মদ হযরত আলীর মেয়ে ও জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক ডা. সানসিলা জেবরিন প্রিয়াঙ্কা। তিনি ২০১৮ সালের জাতীয় সংসদ নির্বাচনে ধানের শীষ প্রতীক নিয়ে আওয়ামী লীগের হেভিওয়েট প্রার্থী ও সাবেক হুইপ আতিউর রহমান আতিকের বিরুদ্ধে প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন।
রিপোর্টার্স২৪/এসএন