| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

শ্রীপুরে নিখোঁজের চার দিন পর বিল থেকে শিশুর লাশ উদ্ধার

reporter
  • আপডেট টাইম: নভেম্বর ১০, ২০২৫ ইং | ১০:১৩:২১:পূর্বাহ্ন  |  ১২৯১১৭১ বার পঠিত
শ্রীপুরে নিখোঁজের চার দিন পর বিল থেকে শিশুর লাশ উদ্ধার

শ্রীপুর (গাজীপুর) প্রতিনিধি : গাজীপুরের শ্রীপুরে নিখোঁজের চার দিন পর আনাস (০৫) নামে এক শিশুর লাশ উদ্ধার করেছে পুলিশ। সোমবার (১০ নভেম্বর) সকালে উপজেলার রাজাবাড়ী ইউনিয়নের চিনাশুকানিয়া গ্রামের একটি বিল থেকে লাশটি উদ্ধার করা হয়। এদিকে শিশুটির মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

নিহত আনাস উপজেলার রাজাবাড়ি ইউনিয়নের চিনাশুকানিয়া গ্রামের আল আমিন খানের সন্তান। 

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, গত শুক্রবার (৭ নবেম্বর) সকাল ৭টার দিকে বাড়ির সামনে খেলনার সাইকেল নিয়ে খেলতে গিয়ে শিশুটি নিখোঁজ হয়। পরিবারের সদস্যরা আশপাশের এলাকায় খোঁজাখুঁজি করেও তার কোনো সন্ধান পাননি। পরে শ্রীপুর থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেন শিশুটির দাদা হাছেন আলী খান।

সোমবার সকালে স্থানীয়রা বিলের মধ্যে লাশ দেখতে পেয়ে পুলিশে খবর দেন। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠায়।

শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল বারিক জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে শিশুটিকে হত্যার পর লাশ ফেলে রাখা হয়েছে। ঘটনার রহস্য উদ্ঘাটনে তদন্ত চলছে এবং দোষীদের শনাক্তে পুলিশ কাজ করছে।


রিপোর্টার্স২৪/এসএন

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪