রাঙ্গামাটি প্রতিনিধি: রাঙ্গামাটির কাউখালী উপজেলার হারাঙ্গীপাড়া ইউনিয়নের লেভাপাড়া গ্রামে দরিদ্র ও প্রান্তিক জনগোষ্ঠীর মাঝে বিনামূল্যে চিকিৎসা সেবা ও ওষুধ বিতরণ করেছে বাংলাদেশ সেনাবাহিনীর রাঙ্গামাটি সদর জোন। শনিবার সকালে হারাঙ্গীপাড়া উচ্চ বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত এ চিকিৎসা ক্যাম্পে শতাধিক মানুষ চিকিৎসা সেবা গ্রহণ করেন।
মেডিকেল ক্যাম্পে স্থানীয় নারী, পুরুষ, শিশু ও বয়োবৃদ্ধদের বিভিন্ন রোগের চিকিৎসা প্রদান করেন গাইনী বিশেষজ্ঞ মেজর জান্নাতুন নাঈম ডিজিও, রাঙ্গামাটি সদর হাসপাতালের শিশুরোগ বিশেষজ্ঞ ডা. আবীর দাস এবং মেডিকেল অফিসার ক্যাপ্টেন নাহিদা আকতার। তারা উপস্থিতদের স্বাস্থ্য পরীক্ষা, প্রয়োজনীয় পরামর্শ ও বিনামূল্যে ওষুধ প্রদান করেন।
এ সময় ৩নং ঘাগড়া ইউনিয়ন পরিষদের সদস্য মন্টু রঞ্জন চাকমাসহ স্থানীয় জনপ্রতিনিধি ও গণ্যমান্য ব্যক্তিরাও উপস্থিত ছিলেন।
ক্যাম্প শেষে রাঙ্গামাটি সদর জোনের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা মেজর মিনহাজুল আবেদিন বলেন, সেনাবাহিনী শুধু নিরাপত্তার দায়িত্বই পালন করছে না, পাশাপাশি দুর্গম পাহাড়ি এলাকায় বসবাসরত মানুষের কল্যাণেও নিয়মিতভাবে কাজ করছে। স্বাস্থ্যসেবাকে জনগণের দোরগোড়ায় পৌঁছে দিতে আমাদের এই উদ্যোগ অব্যাহত থাকবে।
রিপোর্টার্স২৪/ঝুম