রাঙ্গামাটি প্রতিনিধি : রাঙ্গামাটির শহরতলির কালিন্দপুর এলাকায় বসতবাড়ির আঙিনা থেকে উদ্ধার হওয়া একটি বিশাল অজগর সাপকে কাপ্তাই জাতীয় উদ্যানে অবমুক্ত করা হয়েছে। সোমবার (১০ নভেম্বর) দুপুরে দক্ষিণ বন বিভাগের নির্দেশনায় বন কর্মকর্তাদের উপস্থিতিতে অজগরটিকে উদ্যানে নিরাপদ বনে ছেড়ে দেওয়া হয়।
এর আগে সকাল ১০টার দিকে কালিন্দপুর এলাকার এক বাড়ির আঙিনায় জালে আটকে থাকা অবস্থায় প্রায় ১০ ফুট দীর্ঘ ও ১৫ কেজি ওজনের অজগরটি স্থানীয়রা দেখতে পান। পরে তারা বিষয়টি জেলা দক্ষিণ বন বিভাগকে জানান। খবর পেয়ে বন বিভাগের একটি দল ঘটনাস্থলে পৌঁছে সাপটিকে উদ্ধার করে।
কাপ্তাই রেঞ্জ কর্মকর্তা ওমর ফারুক স্বাধীন বলেন, “স্থানীয়দের সহযোগিতায় সাপটিকে নিরাপদভাবে উদ্ধার করা সম্ভব হয়েছে। পরে প্রাকৃতিক ভারসাম্য রক্ষার স্বার্থে এটিকে কাপ্তাই জাতীয় উদ্যানে অবমুক্ত করা হয়।”
অবমুক্তকরণ কার্যক্রমে কাপ্তাই রেঞ্জ কর্মকর্তা ওমর ফারুক স্বাধীন, বড়ইছড়ি পরীক্ষণ ফাঁড়ির কর্মকর্তা এস.এম. মহিউদ্দিন চৌধুরী, রাম পাহাড় বিট কর্মকর্তা মিঠু তালুকদার, শুকনাছড়ি বিট কর্মকর্তা আব্দুল্লাহ আল নাঈমসহ বন বিভাগের অন্যান্য সদস্য ও স্থানীয় বাসিন্দারা উপস্থিত ছিলেন।
বন বিভাগ জানিয়েছে, এ ধরনের উদ্ধার অভিযানের মাধ্যমে শুধু বন্যপ্রাণী রক্ষা নয়, মানুষ ও প্রাণীর সহাবস্থান নিশ্চিত করাও তাদের মূল লক্ষ্য।
রিপোর্টার্স২৪/এসএন