চট্টগ্রাম প্রতিনিধি: চট্টগ্রামের কোতোয়ালী থানা এলাকার সদরঘাট কালী মন্দিরের ভেন্টিলেটর ও দান বাক্স ভেঙে স্বর্ণ ও টাকা চুরির ঘটনায় দুই আপন ভাইকে গ্রেপ্তার করেছে কোতোয়ালী থানা পুলিশ। এ ঘটনায় তাদের কাছ থেকে চুরি যাওয়া দুই ভরি চার আনা স্বর্ণ উদ্ধার করা হয়।
সোমবার কোতোয়ালী থানায় আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব তথ্য নিশ্চিত করে পুলিশ। রবিবার (৯ নভেম্বর) সকাল থেকে দুপুর পর্যন্ত চট্টগ্রামের বিভিন্ন থানা এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার আসামিরা হলেন মো. আবুল হোসেন (২৬) ও তার ভাই মো. আরমান হোসেন (৩১)।
পুলিশ জানায়, রবিবার গভীর রাতে সদরঘাটের কালী বাড়ি মন্দির থেকে মন্দিরের উপরে থাকা ভেন্টিলেটর ও দান বাক্স ভেঙে স্বর্ণ চুরি করে তারা। এ ঘটনায় স্থানীয় কোতোয়ালী থানায় একটি চুরির মামলা দায়ের করা হয়। মামলার সূত্র ধরে ছায়াতদন্তে নেমে এই দুই ভাইকে গ্রেপ্তার করে পুলিশ।
রিপোর্টার্স২৪/এসএন