মাগুরা প্রতিনিধি: মাগুরার শালিখার সীমাখালি মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক অরুণ কুমার চক্রবর্তীর অবসরজনিত বিদায় উপলক্ষে সোমবার (১০ নভেম্বর) বিদ্যালয় প্রাঙ্গণে এক সংবর্ধনা অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে, সহকারী জেলা প্রাথমিক শিক্ষা অফিসার আবু হেনা মোস্তফা কামাল বলেন, একটি মানুষের ৩৫ বছরের শিক্ষকতা জীবন, তার সৃষ্টি, তার সেবা এটা অল্প সময়ে বলে শেষ করা যায় না। সেই ক্ষেত্রে প্রধান শিক্ষক অরুণ কুমার চক্রবর্তী পার্থিব জীবনে, পেশাগত জীবনে সফল মানুষ বলা যায়। তিনি শিক্ষার্থীদের শুধু লেখাপড়া নয়, মানুষ হিসেবে গড়ে উঠতে সহায়তা করেছেন। তার মতো একজন সৎ, পরিশ্রমী ও মানবিক শিক্ষকের অবদান বিদ্যালয়ের শিক্ষার্থী, শিক্ষকগণ মনে রাখবে।
বিদায়ী শিক্ষকের বক্তব্যে অরুণ কুমার চক্রবর্তী আবেগঘন কণ্ঠে বলেন, ১৯৯০ সালে আড়পাড়া মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে আমার শিক্ষকতা শুরু। সেখান থেকে ২০০৬ সালে এখানে প্রধান শিক্ষকের দায়িত্ব নিয়ে আসলাম। আজ ২০২৫ সাল এই দীর্ঘ ২০টি বছর এই বিদ্যালয়টি আমার পরিবারের মত ছায়া দিয়ে রাখার চেষ্টা করেছি। সহকর্মী, অভিভাবক, এলাকার মানুষের ভালোবাসা ও সহযোগিতায় আজ আমার এতদূর আসা সম্ভব হয়েছে।
এসময় বিশেষ অতিথির বক্তব্য রাখেন, সীমাখালি মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক সাধন কুমার চ্যাটার্জি, শিক্ষক সমিতির সেক্রেটারি সৈয়দ অঞ্জন আলী, প্রধান শিক্ষক মোঃ মফিজুর রহমান, ম্যানেজিং কমিটির সাবেক সভাপতি আব্দুল গফফার বিশ্বাস,
অনুষ্ঠান সঞ্চালনা ও স্বাগত বক্তব্য রাখেন, সীমাখালি মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক ফারুক হোসেন।
এছাড়াও বিদ্যালয়ের সাবেক শিক্ষক, ম্যানেজিং কমিটির সদস্য, শিক্ষার্থী ও অভিভাবকসহ উপজেলার সকল প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকগণ উপস্থিত ছিলেন।
অনুষ্ঠান শেষে উক্ত বিদ্যালয়ের সাবেক ম্যানেজিং কমিটি, বিদ্যালয়ের সাবেক শিক্ষার্থীদের এবং এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গের পক্ষ থেকে প্রধান শিক্ষকের বিদায়ী অনুষ্ঠানে ফুলের শুভেচ্ছা জানানো হয় এবং স্মৃতি হিসেবে অনেক ধরনের উপহার দিয়ে বিদায়ী অনুষ্ঠানটি স্মরণীয় করে রাখা হয়।
উল্লেখ্য,তিনি শিক্ষকতা জীবনে উপজেলা,জেলা ও বিভাগীয় শ্রেষ্ঠ শিক্ষক হিসেবে নির্বাচিত হন।
রিপোর্টার্স২৪/এসসি