রিপোর্টার্স২৪ ডেস্ক: ময়মনসিংহের ফুলবাড়িয়ায় দুর্বৃত্তদের দেওয়া আগুনে আলম এশিয়া পরিবহনের একটি বাস সম্পূর্ণ পুড়ে গেছে। এতে বাসের চালক জুলহাস মিয়া (৩৫) দগ্ধ হয়ে ঘটনাস্থলেই প্রাণ হারিয়েছেন।
ঘটনাটি ঘটেছে সোমবার (১০ নভেম্বর) রাত সোয়া ৩টার দিকে উপজেলার ভালুকজান এলাকায়।
ফুলবাড়িয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রোকনুজ্জামান জানান, গভীর রাতে ভালুকজান এলাকায় দাঁড়িয়ে থাকা আলম এশিয়া পরিবহনের একটি বাসে দুর্বৃত্তরা আগুন ধরিয়ে দেয়। মুহূর্তের মধ্যে পুরো বাসটি দাউদাউ করে জ্বলতে থাকে। এ সময় ভেতরে থাকা চালক জুলহাস মিয়া বের হতে না পেরে পুড়ে মারা যান।
তিনি আরও বলেন, আগুনে পুড়ে যাওয়া লাশ উদ্ধার করে থানায় নেওয়া হয়েছে। ঘটনাটিতে জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তারে অভিযান চলছে।
পুলিশ প্রাথমিকভাবে ধারণা করছে, এটি পরিকল্পিত নাশকতার ঘটনা হতে পারে। আগুন লাগানোর কারণ ও কারা এর সঙ্গে জড়িত তা খতিয়ে দেখা হচ্ছে।
রিপোর্টার্স২৪/ঝুম