নোয়াখালী প্রতিনিধি: নোয়াখালীর সুবর্ণচরে নিষিদ্ধ ঘোষিত সংগঠন হিসেবে আওয়ামী লীগের উপজেলা সহ-সভাপতি আনিসুল হক জাহাঙ্গীর আলমকে গ্রেপ্তারের প্রতিবাদে স্থানীয় চরবাটা খাসেরহাট বাজারের দোকানপাট বন্ধ ঘোষণা করেছে ব্যবসায়ীরা।
চরজব্বর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহীন মিয়া তাকে গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন। ওসি জানান, জাহাঙ্গীর আলম নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের উপজেলা সহ-সভাপতি এবং তিনি ১৩ তারিখে ঢাকায় লোকসমাবেশের বিষয়ে পৃষ্ঠপোষকতা করছিলেন।
সোমবার রাত সাড়ে ১০টার দিকে উপজেলার চরবাটা এলাকা থেকে তাকে আটক করা হয়।
এ ঘটনার প্রতিবাদে বাজার পরিচালনা কমিটির সিদ্ধান্ত মোতাবেক আজ মঙ্গলবার সকাল ৭টা থেকে সন্ধ্যা ৭টা পর্যন্ত বাজারের সব দোকানপাট বন্ধ রাখার ঘোষণা দেওয়া হয়। তবে সাড়ে ১১টার দিকে ব্যবসায়ীরা মানববন্ধন শেষে দোকানপাট খোলার সিদ্ধান্ত নেন।
জানা গেছে, আটক আনিসুল হক জাহাঙ্গীর চরবাটা ইউনিয়ন আওয়ামী লীগের উপজেলা সহ-সভাপতি এবং খাসেরহাট বাজার পরিচালনা কমিটির (অন্তর্বর্তীকালীন) সহ-সভাপতি।
ইউনিয়ন প্যানেল চেয়ারম্যান ও বাজার পরিচালনা কমিটির সদস্য হাজী গোলাম মাওলা বলেন, বাজার কমিটির সহ-সভাপতি জাহাঙ্গীর আলমকে কোনো সুনির্দিষ্ট অভিযোগ ছাড়াই বেআইনিভাবে গ্রেপ্তার করেছে পুলিশ। তিনি রাজনীতির সঙ্গে যুক্ত আছেন কিনা, তা আমি জানি না।
গোলাম মাওলা আরও বলেন, ‘অতি দ্রুত জাহাঙ্গীর মিয়াকে নিঃশর্ত মুক্তি না দিলে আরও কঠোর আন্দোলন কর্মসূচি ঘোষণা করা হবে।’
বাজার পরিচালনা কমিটির সদস্য ও ইউনিয়ন বিএনপির সাবেক সহ-সভাপতি আবদুর রহমান খোকন বলেন, ‘জাহাঙ্গীরকে একজন সজ্জন ব্যক্তি হিসেবে জানি। তাঁর মতো ব্যবসায়ীকে কোনো অভিযোগ ছাড়াই পুলিশ গ্রেপ্তার করেছে। রাজনীতি তার ব্যক্তিগত বিষয়, তবে আমরা তাকে পুরনো ব্যবসায়ী হিসেবে জানি।’
চরজব্বর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহীন মিয়া বলেন, আনিসুল হক জাহাঙ্গীর নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের উপজেলা সহ-সভাপতি। তাঁর বিরুদ্ধে সুনির্দিষ্ট অভিযোগ থাকায় তাকে গ্রেপ্তার করা হয়েছে। আজ মঙ্গলবার দুপুরে আদালতের মাধ্যমে তাকে জেলহাজতে প্রেরণ করা হবে।