চাঁদপুর প্রতিনিধি: চাঁদপুরের মতলব উত্তর উপজেলার প্রত্যন্ত গ্রামের খুদে ফুটবলার সোহান (৬) বাংলাদেশ ক্রীড়া শিক্ষা প্রতিষ্ঠান (বিকেএসপি)-তে ভর্তি হওয়ার সুযোগ পাচ্ছে। সেখানে শিশুটিকে পূর্ণ বৃত্তি দেওয়ার ঘোষণা দিয়েছেন যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া। সোমবার (১০ নভেম্বর) নিজের যাচাইকৃত ফেসবুক পেজে তিনি এ তথ্য জানান।
ওই পোস্টে আসিফ মাহমুদ উল্লেখ করেন, সোহানকে বিকেএসপিতে রেখে ভবিষ্যতের ফুটবলার হিসেবে গড়ে তোলা হবে। এ খবরে সোহানের পরিবার ও স্বজনদের মধ্যে আনন্দের বন্যা বইছে।
মতলব উত্তর উপজেলার সাড়ে পাঁচআনী গ্রামের বাসিন্দা সোহেল প্রাধানিয়ার একমাত্র ছেলে সোহান প্রাধানিয়া। সোহেল স্থানীয়ভাবে সাইকেল মেরামতের কাজ করেন। বর্তমানে শিশু সোহান সাড়ে পাঁচআনী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রথম শ্রেণিতে অধ্যয়ন করছে।
পরিবারের সদস্য ও স্থানীয় কয়েকজন বাসিন্দার সঙ্গে কথা বলে জানা গেছে, মাত্র তিন বছর বয়স থেকে গ্রামের রাস্তায় বাবার সঙ্গে ফুটবলের অনুশীলন শুরু করে সোহান। অল্প সময়েই সে বেশ কিছু কলাকৌশল আয়ত্ত করে। ফুটবলে তার প্রতিভার খবর সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়ে। এরপর ফুটবলপ্রেমীরা শিশুটিকে দেখতে ছুটে যান। কেউ কেউ খুশি হয়ে সোহানকে ফুটবল, জার্সি ও জুতা উপহার দেন। সম্প্রতি জাতীয় ফুটবল দলের সাবেক অধিনায়ক আমিনুল হকও সোহানের সঙ্গে দেখা করে তার হাতে ফুটবলের বিভিন্ন সামগ্রী তুলে দেন। সেই সঙ্গে শিশুটির লেখাপড়া ও খেলাধুলার দায়িত্ব নেওয়ারও আশ্বাস দেন।
সোহান বিকেএসপিতে পড়ার সুযোগ পাওয়ায় উচ্ছ্বাস প্রকাশ করেছেন তার বাবা সোহেল প্রাধানিয়া। মঙ্গলবার (১১ নভেম্বর) বিকেলে কথা হলে তিনি বলেন, “আমি আমার ছেলেকে বাংলাদেশের জন্য উৎসর্গ করলাম। আমি সোহানকে নিয়ে অনেক স্বপ্ন দেখি, আল্লাহ যেন সেই স্বপ্ন পূরণ করেন।”
টিভিতে খেলা দেখে ফুটবলার হওয়ার স্বপ্ন দেখে সোহান নিজেও। সে বলে, “আমি বড় হয়ে মেসির মতো খেলতে চাই।”
বিকেএসপিতে সোহানের ভর্তি সংক্রান্ত কোনো আনুষ্ঠানিক নির্দেশনা এখনো পাওয়া যায়নি বলে জানিয়েছেন মতলব উত্তর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মাহমুদা কুলসুমা মনি। তিনি বলেন, “খুদে ফুটবলার সোহানের প্রতিভা দেখে আমি নিজেও তার সঙ্গে দেখা করেছিলাম। আমরাও চাই, সোহান লেখাপড়ার পাশাপাশি একজন ভালো মানের ফুটবলার হয়ে উঠুক।”
রিপোর্টার্স২৪/এসএন