কিশোরগঞ্জ প্রতিনিধি : কিশোরগঞ্জের বাজিতপুর বাসস্ট্যান্ডে দাঁড়িয়ে থাকা তিশা পরিবহনের একটি বাসে আগুন লাগানোর চেষ্টা করা হয়েছে। তবে এ ঘটনায় কেউ হতাহত হননি।
বুধবার (১২ নভেম্বর) সকালে বাজিতপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা শহিদুল ইসলাম সোহান বিষয়টি নিশ্চিত করেছেন। এর আগে মঙ্গলবার দিবাগত রাত ১টার দিকে বাজিতপুর বাসস্ট্যান্ডে এ ঘটনা ঘটে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, রাত ১টার দিকে বাজিতপুর বাসস্ট্যান্ডের সামনে রাস্তার পাশে বাজিতপুর-ঢাকা সড়কে চলাচলকারী তিশা পরিবহনের একটি বাস (ঢাকা মেট্রো ব-৬৪৩৪) দাঁড়িয়ে ছিল। এ সময় দুর্বৃত্তরা বাসের পেছনের বাম পাশের জানালা দিয়ে ভেতরে আগুন ধরিয়ে বাসটি পুড়িয়ে ফেলার চেষ্টা করে।
তবে বাসের ভেতরে ঘুমিয়ে থাকা হেলপার আগুনের শিখা দেখতে পেয়ে চিৎকার শুরু করেন। তার চিৎকার শুনে ডিউটিরত পুলিশ ও আশপাশের লোকজন দ্রুত এগিয়ে এসে আগুন নিয়ন্ত্রণে আনেন। এতে অল্পের জন্য রক্ষা পান বাসের ভেতরে থাকা হেলপার। আগুনে গাড়ির পেছনের বাম পাশের ২ নম্বর সিটের উপরের সামান্য অংশ পুড়ে যায়।
বাজিতপুর থানার পরিদর্শক (তদন্ত) মো. শফিকুল ইসলাম জানান, খবর পেয়ে উপজেলা প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করেছেন। ঘটনার পর বাজিতপুরে নিরাপত্তা জোরদার করা হয়েছে। বাসে তখন কেবল হেলপারই ছিলেন। তিনি আগুন দেখে বেরিয়ে আসেন। তাই কোনো হতাহত হয়নি।
তিনি আরও বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে এটি নাশকতার ঘটনা। আলামত সংগ্রহ করা হয়েছে। তদন্তের পর বিস্তারিত জানা যাবে।
রিপোর্টার্স২৪/এসএন