| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

জীবনের তাগিদে বালুর বস্তা, ইট ও বাঁশ ফেলে চলাচল

নয়াবাজারে ড্রেনেজ সংস্কারে ধীরগতি, ভোগান্তিতে এলাকাবাসী

reporter
  • আপডেট টাইম: নভেম্বর ১২, ২০২৫ ইং | ০৮:৫৩:৪৫:পূর্বাহ্ন  |  ১২৬৯৭১৪ বার পঠিত
নয়াবাজারে ড্রেনেজ সংস্কারে ধীরগতি, ভোগান্তিতে এলাকাবাসী

নারায়ণগঞ্জ প্রতিনিধি: নারায়ণগঞ্জ সদর উপজেলার এনায়েতনগর ইউনিয়নের নয়াবাজার এলাকায় প্রায় এক কিলোমিটার সড়কে ড্রেনেজ সংস্কার কাজ ধীরগতিতে চলায় চরম দুর্ভোগে পড়েছেন স্থানীয় বাসিন্দারা। প্রকল্প হাতে নেওয়া হলেও দীর্ঘদিনেও কাজ শেষ না হওয়ায় এলাকাজুড়ে সৃষ্টি হয়েছে জলাবদ্ধতা।

স্থানীয়দের অভিযোগ, ড্রেন খননের পর সড়কের মাটি স্তুপ করে রাখায় যানবাহন চলাচল বন্ধের উপক্রম হয়েছে। অল্প বৃষ্টিতেই জমে থাকা পানিতে মশার লার্ভা দেখা যাচ্ছে। এতে এলাকায় ডেঙ্গু রোগীর সংখ্যাও বেড়েছে।

মুসলিমপাড়া পুরাতন নয়াবাজার থেকে আমেনা সুপার মার্কেট পর্যন্ত পথজুড়ে বালুর বস্তা, ইট ও বাঁশ ফেলে পারাপার করছেন স্থানীয়রা। মাদরাসা শিক্ষার্থী ইমন বলেন, এই ময়লা পানি দিয়ে চলাচল করতে হয়। এতে দুইবার চুলকানিতে ভুগেছি।


স্থানীয় বাসিন্দা আহম্মদ হোসেন জানান, জলাবদ্ধতার কারণে বাসায় ভাড়াটিয়া মিলছে না, স্কুলে ছাত্র-ছাত্রীর উপস্থিতিও কমেছে।

মুসলিম নগর বাজার জামে মসজিদের সহসভাপতি মো. আলম বলেন, দ্রুত কাজের জন্য প্রশাসনের কাছে স্মারকলিপি দিয়েছিলাম। আশ্বাস মিললেও এখনো কোনো সুফল পাইনি।

এলাকায় হেঁটে হেঁটে পান-সিগারেট বিক্রি করেন আমির হোসেন। তিনি বলেন, ‌‘রাস্তার উপর ইট ফেলে চলাচল করতে হয়। মাঝে মাঝে লোকজন পানিতেও পড়ে যায়। সরকারি কর্মকর্তারা তো কাজ ধরছে, মাটি কাইট্টা খালি থুইয়া দিছে। এখন আমাদের তো চলাফেরায় কষ্ট হয়, তাদের তো হয় না।’

স্থানীয় প্রকৌশল বিভাগের নারায়ণগঞ্জ সদর উপজেলা প্রকৌশলী ইয়াছির আরাফাত রুবেল বলেন, ড্রেনেজের কাজ চলছে। বৃষ্টি ও দোকানপাট না সরানোর কারণে বিলম্ব হচ্ছে। তবে ঠিকাদারি প্রতিষ্ঠানকে দ্রুত শেষ করার নির্দেশ দেওয়া হয়েছে।

তিনি আশা প্রকাশ করেন, আগামী ডিসেম্বর বা জানুয়ারির মধ্যেই কাজ শেষ হবে।


রিপোর্টার্স২৪/আরকে

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪